সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দূরপাল্লার বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব, শিগগিরই প্রজ্ঞাপন


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডিজেলের দাম বাড়ানোর পর দেশের গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং মহানগর ও শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাবটি অনুমোদনের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানির মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত ভাড়া নির্ধারণের সময় জ্বালানির পাশাপাশি যানবাহনের রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, শ্রমিকের মজুরি ও অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনায় নেওয়া হয়। তবে এবার শুধু ডিজেলের মূল্যবৃদ্ধিকে ভিত্তি করে ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ায় দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। শহরাঞ্চলের ক্ষেত্রে প্রস্তাবিত বৃদ্ধি ১৮ পয়সা।

মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক

ভাড়া সমন্বয় নিয়ে সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে জ্বালানির বাড়তি দামের কারণে পরিবহন পরিচালনায় ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।

এর আগে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করে বাসভাড়া বাড়ানোর দাবি জানান।

বৈঠকে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরিবহন মালিকদের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।

মালিকদের আশঙ্কা, সরকারি সিদ্ধান্ত আসতে দেরি হলে বাড়তি দামে ডিজেল কেনার চাপ সামলাতে অনেক পরিবহন মালিক নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করতে পারেন। এতে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধ এবং বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল বলেন, আগেরবার জ্বালানির দাম বাড়ার সময় মূলত ওই বিষয়টিই বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয় করা হয়েছিল। এর পর থেকে যানবাহনের যন্ত্রাংশ ও অন্যান্য পরিচালন ব্যয়ও বেড়েছে। সেসব ব্যয় বিবেচনায় নিলে ভাড়া আরও বাড়ানোর প্রয়োজন হতো।

তবে যাত্রীদের আর্থিক চাপের বিষয়টি বিবেচনা করে এবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানোর বিষয়ে তাঁরা সম্মত হয়েছেন বলে জানান তিনি। মো. সাইফুল বলেন, দ্রুত প্রজ্ঞাপন জারি হলে পরিবহন খাতে ভাড়া নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

এসি বাস ও পণ্যবাহী যান আলাদা

দেশে ডিজেলচালিত যানবাহনের সংখ্যা অনেক। বাসের পাশাপাশি ট্রাক, কাভার্ডভ্যান ও টেম্পোসহ বিভিন্ন যানবাহন ডিজেলে চলে। তবে এসব যানবাহনের সব ধরনের ভাড়া সরকার নির্ধারণ করে না।

পণ্যবাহী যানবাহনের ভাড়া সাধারণত মালিক ও শ্রমিকদের মধ্যে নির্ধারিত হয়। একইভাবে এসি বাসের ভাড়াও সরকারি নির্ধারিত কাঠামোর আওতায় পড়ে না। এসব পরিবহনের ভাড়া সংশ্লিষ্ট মালিকেরা নির্ধারণ করেন।

নন-এসি বাস ও মহানগরের বাস-মিনিবাসের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া থাকলেও বাস্তবে তা পুরোপুরি কার্যকর না হওয়ার অভিযোগ রয়েছে। জ্বালানির দাম কমার পর ভাড়া কমানোর সিদ্ধান্ত হলেও অনেক সময় সেই কমানো ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।

বর্তমান ভাড়া কত

রোববার রাতে সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। এর আগে গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে এই হার ২ টাকা ৪২ পয়সা।

দূরপাল্লার পথে ৫২ আসনের বাসের নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা। প্রস্তাব অনুযায়ী ২০ পয়সা বাড়লে এই হার দাঁড়াবে ২ টাকা ৪৩ পয়সা।

তবে দূরপাল্লার সব বাসে একই হারে ভাড়া নেওয়া হয় না। অনেক নন-এসি বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম রাখা হয়েছে। তুলনামূলক বেশি জায়গা ও আরাম দেওয়ার কথা বলে এসব বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হয়। নতুন ভাড়া কার্যকর হলে এসব বাসের যাত্রীদের খরচও বাড়তে পারে। এর বাইরে সেতু ও সড়কের টোলও যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হয়।

চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের

বিআরটিএর ভাড়া বৃদ্ধির প্রস্তাবের সঙ্গে যুক্ত এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রস্তাবটি পর্যালোচনার সময় মন্ত্রী ও সচিবের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির হার কিছুটা কমানো হতে পারে।

তিনি বলেন, শেষ পর্যন্ত সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন ভাড়া নির্ধারণ করা হবে। এরপর প্রজ্ঞাপন জারি করে তা জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});