ঠিক দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় একজনের ১০ বছর সাজা হয়েছিল। কিন্তু তার পরিবর্তে এক বছর আগে আরেকজনকে ধরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুধুমাত্র নামের মিল থাকার কারণে বিনা অপরাধেই কারাগারে থাকতে হচ্ছে তাকে।
যে ব্যক্তি বিনা অপরাধে প্রায় এক বছর ধরে কারাগারে রয়েছেন, ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলমাছ। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
আর যে ব্যক্তি দুই যুগ আগের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তার নামও মো. আলমাস। তিনি বর্তমানে কানাডায় রয়েছেন বলে জানিয়েছেন এই মামলা তদন্ত সংশ্লিষ্টরা।
দণ্ডিত ব্যক্তির পরিবর্তে 'তাকে' গ্রেফতার করা হয়েছে এমন দাবি করে আদালতে একটি রিট দায়ের করেছিলেন মি. আলমাস।
রোববার ওই রিটের শুনানিতে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এক বছর ধরে বিনা অপরাধে কারাগারে থাকা মি. আলমাছকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।
যদিও রোববার রাত পর্যন্ত মি. আলমাছকে কারাগার থেকে ছাড়া পাননি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন তার স্ত্রী বন্যা আক্তার।
বন্যা আক্তার বিবিসি বাংলাকে জানিয়েছেন, নামের ভুলের কারণে এর আগেও তার স্বামীকে পুলিশ আটক করেছিল, যদিও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গত বছর আবার তাকে গ্রেফতারের পর তার স্বামীকে ছেড়ে দিতে পুলিশ তাদের পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করেছিল।
তার দাবি, পরিবার সেই টাকা দিয়েছিল কিন্তু তাকে না ছেড়ে আদালত প্রেরণ করা হয়। পরে পুলিশ কর্মকর্তা অবশ্য সেই টাকা পরিবারের কাছে ফেরত দেন বলেও তিনি জানান।
তবে যে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ, সেই উপ-পরিদর্শক জুবাইদুল হক বিবিসি বাংলার কাছে দাবি করেছেন, 'ঠিকানা ভুলের' কারণে তিনি মি. আলমাছকে গ্রেফতার করেছিলেন। তবে তিনি তার পরিবারের কাছ থেকে কোনো টাকা দাবি করেন নি কিংবা কোনো টাকা নেন নি।
মি. আলসাছের রিটের রিটকারী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে কথা বলেছে বিবিসি বাংলা।
একজন ব্যক্তির অপরাধে কেন আরেক ব্যক্তিকে এক বছরেরও বেশি সময় ধরে কারাভোগ করতে হলো সেই প্রশ্নও আসছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ বিবিসি বাংলাকে বলেছেন, অনুসন্ধান প্রতিবেদনে এটি আপাতদৃষ্টিতে পরিচয় বিভ্রাটের ঘটনা বলে উঠে এসেছে।
রিটকারীর আইনজীবী মো. তানভীর আহমেদ বিবিসি বাংলার কাছে দাবি করেছেন, সেই সময়ের ম্যাজিস্ট্রেট ও পুলিশের 'ভুলের' কারণেই নিরাপরাধ একজন ব্যক্তি এক বছরেরও বেশি সময় ধরে জেল খাটছেন।
বাংলাদেশে এর আগেও এরকম বেশ কয়েকটি ঘটনায় নামের মিল থাকার কারণে নিরাপরাধ ব্যক্তিদের আটক করে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে।

ঘটনাটির সূত্রপাত যেভাবে
এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আলমাছ কারাগারে থাকা অবস্থায় যে রিটটি করেছিলেন সেই রিটের শুনানি অনুষ্ঠিত হয় চলতি বছরের সেপ্টেম্বরে।
প্রকৃত আসামির বদলে মি. আলমাছকে গ্রেপ্তার ও আটক কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তাকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে।
একই সাথে দুইজন ব্যক্তির পরিচয় ও ঘটনাটি অনুসন্ধান করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয় আদালত।
আদালতের নির্দেশে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অনুসন্ধান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।
পহেলা নভেম্বর ওই অনুসন্ধান আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে পুরো ঘটনার বেশ বিবরণও উঠে এসেছে। অনুসন্ধান প্রতিবেদনের সেই কপিটি বিবিসি বাংলার হাতে রয়েছে।
এই মামলাটি ছিল ২০০২ সালের। ওই বছরের ১০ই এপ্রিল বিকেলে ঢাকার মিরপুরের হাজী রোড থেকে পুলিশ মো. আলমাছ ও নাজমুল আলম মামুন নামের দুইজন ব্যক্তিকে গ্রেফতার করে।
সেই ঘটনায় মিরপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ। ওই মামলার এজহারে উল্লেখ করা হয়েছিল, মি. আলমাছের কাছ থেকে কোমড়ে গোঁজা অবস্থায় একটি রিভলবার উদ্ধারের কথা বলা হয়। আটকের এক বছর পর ২০০৩ সালের ২০ই এপ্রিল হাইকোর্ট আলমাছকে জামিন দেন।
এর এক বছর পর ২০০৪ সালের জুন মাসে এই মামলাটির শুনানি শেষে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল মো. আলমাছকে ১০ বছরের কারাদণ্ড দেয়।
ভুক্তভোগী মোহাম্মদ আলমাছের আইনজীবী তানভীর আহমেদ বিবিসি বাংলাকে বলেন, "প্রকৃত আসামি মো. আলমাস উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক থাকা অবস্থায় ওই মামলার বিচার সম্পন্ন হয়েছিল"।
প্রতিবেদনে বলা হয়, এখন থেকে ২২ বছর আগে সেই মামলায় যে পুলিশ কর্মকর্তারা, যাদেরকে গ্রেফতার করেছিল তাদেরকে খুঁজে পায় নি অনুসন্ধান কমিটি।
এই অনুসন্ধান কমিটি মিরপুরে অস্ত্রসহ যে আলমাছ আটক হয়েছিলেন তাদের স্বজনদের সাথেও কথা বলেছে।
প্রকৃত সাজাপ্রাপ্ত আলমাছের স্বজনের তথ্যের বরাত দিয়ে জুডিশিয়াল তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কানাডায় অবস্থান করছেন প্রকৃত আসামি।
অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

১১ বছর পর দোহার থেকে আটক আরেক 'আলমাছ'
২০০৪ সালের জুন ওই মামলার রায়ের প্রায় ১১ বছর পর ঢাকার দোহার থেকে আটক করা হয় ইলেক্ট্রিশিয়ান মোহাম্মদ আলমাছকে।
অনুসন্ধান প্রতিবেদনের তথ্য, মোহাম্মদ আলমাছের পরিবারের সদস্য, তার আইনজীবীদের সাথে কথা বলেছে বিবিসি বাংলা।
মোহাম্মদ আলমাছের স্ত্রী বন্যা আক্তার বিবিসি বাংলাকে জানান, তার স্বামী কর্মজীবনের শুরু থেকেই পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান।
তিনি জানান, হঠাৎ ২০১৫ সালে তাকে বাসা থেকে গ্রেফতার করে দোহার থানায় নিয়ে যায় পুলিশ। তখন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় মিরপুরের ওই অস্ত্র মামলার আসামি এই আলমাছ।
মিজ আক্তার বলছিলেন, "তখন তারে আটকের পরই আমরা মেম্বার চেয়ারম্যানের কাছে গেলাম। তারা পুলিশের কাছে গেল। বিস্তারিত জানলো, পরে পুলিশও দেখলো তারা যাকে খুজতেছে সেই ব্যক্তি আর আমার স্বামী এক ব্যক্তি না। তখন পুলিশ আমার স্বামীকে ছেড়ে দেয়"।
ইলেক্ট্রিশিয়ান মি. আলমাছ উচ্চ আদালতে যে রিটটি করেছেন সেই রিটকারি আইনজীবী মো. তানভীর আহমেদ বিবিসি বাংলাকে বলেন, "২০১৫ সালে ইউপি চেয়ারম্যান লিখিতভাবে নিশ্চিত করার পর পুলিশ কনফার্ম হয় যে এই আলমাছ সেই অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি (আলমাস) একই ব্যক্তি নন। পরে তাকে থানা থেকেই ছেড়ে দেওয়া হয়"।
এক বছর ধরে বিনা অপরাধে কারাগারে
ওই ঘটনার দশ বছর পর অর্থাৎ গত বছর আবারো দোহারের বাসা থেকে আটক করা হয় মোহাম্মদ আলমাছকে।
আদালতে দেওয়া অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের চৌঠা নভেম্বর বিকেলে দোহার উপজেলার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুবাইদুল হক সুন্দরীপাড়া গ্রাম থেকে মোহাম্মদ আলমাছকে গ্রেপ্তার করেন।
মি. আলমাছের স্ত্রী বন্যা আক্তার বিবিসি বাংলাকে বলেন, "বিকেলে দুইজন পুলিশ সাদা পোশাকে বাসায় এসে আমারে জিজ্ঞেস করে আলমাছ সাহেব আছে? আমাদের ইলেক্ট্রিশিয়ান লাগবে, কাজ করাতে হবে। আমি তখন বললাম আছে। তারে ঘর থেকে ডেকে আনার পর উনি (আলমাছ) বাইরে নামলো। পরে তারা দুইজন সাথে সাথে আমার স্বামীর হাতে হ্যান্ডকাপ লাগায়"।
"আমি তাদের জিজ্ঞেস করলাম তারে কেন নিচ্ছেন? তারা বললো তার নামে মামলা আছে, ওয়ারেন্ট আছে, যা বলার ফাঁড়িতে আসেন। পরে আমি মেম্বার চেয়ারম্যানকে নিয়ে ওখানে যাই", যোগ করেন তিনি।
তিনি জানান, চব্বিশের অভ্যুত্থানের পর সেখানকার জনপ্রতিনিধি পরিবর্তন হয়েছে। নতুন যারা জনপ্রতিনিধি হয়েছেন তারাও থানায় গিয়ে আগের অর্থাৎ ২০১৫ সালের সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন কিন্তু পুলিশ তাদের কথা শোনেনি।
তার স্ত্রী মিজ আক্তার দাবি করেন, সে সময় পুলিশের এসআই জুবাইদুল তাদের কাছে ২০ হাজার টাকা দাবি করে বলেন, যদি এ টাকা দেওয়া হয় তাহলে আলমাছকে ছেড়ে দিবে পুলিশ। এক পর্যায়ে তারা টাকা দিলেও পরদিন ৫ই নভেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
সে সময় দোহার উপজেলার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুবাইদুল হক বর্তমানে ঢাকায় এপিবিএনে কর্মরত রয়েছেন।
তার কাছে মি. আলমাছের পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি কিংবা বিনা অপরাধে একজনেক আটকের বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বিবিসি বাংলার কাছে এই অভিযোগ অস্বীকার করেন।
আলমাছের আইনজীবী মো. তানভীর আহমদ বিবিসি বাংলাকে বলেন, "এই দায়টা পুলিশ এবং তখন যে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠিয়েছেন তাদের দুইজনেরই। কারণ যে আলমাছকে তারা কারাগারে পাঠালেন দুইজন তো ভিন্ন ব্যক্তি। তারা অতীতের কোন তথ্যই আমলে নেয়নি। এখানে বেশি দায় পুলিশেরই"।
যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ বিবিসি বাংলার কাছে দাবি করেছেন, দুইজনের নাম ও বাবার নাম মিল থাকার কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছিল। রোববার আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তে আরও যে সব কারণ
অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুইজন ব্যক্তির নাম আলমাছ এবং বাবার নামেরও কিছু অংশে মিল রয়েছে। যে কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছে।
একই সাথে দুই ব্যক্তির গ্রামের নামের সাদৃশ্য, বাবার নামের মিল এবং ২০০২ সালের মামলার নথিতে লেখা ঠিকানার ভুল ছিল।
প্রতিবেদনে বলা হয়, প্রকৃত সাজাপ্রাপ্ত আলমাছের আদি গ্রাম ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের পূর্ব ধোয়াইর। অন্যদিকে গ্রেপ্তার হওয়া আলমাসের পরিবারের আদি গ্রাম একই উপজেলার দক্ষিণ বাহ্রা ডাকঘরের অধীন বাহ্রা। ২০০৭ সালের আগে তারা সেখানে বসবাস করতেন। নদীভাঙনের কারণে ওই বছর তাদের পরিবার সুন্দরীপাড়ায় চলে যায়।
২০২৫ সালে আটকের বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তা জুবাইদুল হক বিবিসি বাংলাকে বলেছেন, "আমি মামলার ওয়ারেন্টের সাথে মিল পেয়েছি এজন্য আলমাছকে কোর্টে চালান দিয়েছি। যা করেছি ওয়ারেন্টের ভিত্তিতেই করেছি। এখানে আমার কোনো ভুল নেই"।
যদিও ভুক্তভোগী মোহাম্মদ আলমাছ এবং মিরপুরে ২০০২ সালে আটককৃত মো. আলমাছের নাম, পিতার নাম এবং দাদার নামের বেশ কিছু তথ্যই ভিন্ন রয়েছে।
সেই সাথে এটি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ২০১৫ সালের সেই ঘটনার কথা থানায় উল্লেখ করার পও তাকে কেন আদালতে পাঠানো হলো সেই প্রশ্ন করা হলে এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ কর্মকর্তা জুবাইদুল হক।
তাহলে এই দায় কারণ? এমন প্রশ্ন করা হয়েছিল ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খানের কাছে। যিনি এই মামলার শুনানিতেও অংশ নিয়েছিলেন রোববার।
মি. খান বিবিসি বাংলাকে বলেছেন, এই ঘটনাটির দায় কেউ এড়াতে পারে না। দায় যেমন পুলিশের রয়েছে তেমনি সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোরও রয়েছে।
সূত্র: BBC News বাংলা





