দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে

দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে
স্থাপত্য প্রদর্শনী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

স্থাপত্য নিয়ে আলোচনা, প্রদর্শনী আর ডিজাইন শ্যারেট—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের উদ্যোগে ৮ থেকে ১২ নভেম্বর হয়ে গেল ‘আর্কফেস্ট ২০২৬’।

পাঁচ দিনের আয়োজনের প্রথম দিন ছিল শিক্ষার্থীদের কাজ নিয়ে স্থাপত্য প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, স্থপতি শামসুল ওয়ারেস, ডিন অধ্যাপক এম শামসুল আলম, স্থপতি খায়রুল এনাম এবং স্থাপত্য বিভাগের প্রধান শেখ মুহাম্মদ রেজওয়ান।

পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন স্থপতি মোস্তফা খালিদ পলাশ
পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন স্থপতি মোস্তফা খালিদ পলাশ

অনুষ্ঠান শেষে বিভাগ থেকে প্রকাশিত নুভো ২.০ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মাস্টার টক সেশনে নিজেদের পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন অধ্যাপক স্থপতি শামসুল ওয়ারেস এবং স্থপতি মোস্তফা খালিদ পলাশ।

দ্বিতীয় দিনের আয়োজন সাজানো হয়েছিল সমসাময়িক স্থাপত্যচর্চা ও ঐতিহ্য সংরক্ষণকে কেন্দ্র করে। আধুনিক সময়ে এসেও কীভাবে নগর ও জাতির ঐতিহ্য ধরে রাখা সম্ভব, এ নিয়ে আলোচনা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থপতিরা।

পুরো আয়োজনের অন্যতম বড় আকর্ষণ ছিল ডিজাইন শ্যারেট। তৃতীয় দিন ‘ইন প্রেইজ অব শ্যাডো’ শীর্ষক এই প্রতিযোগিতায় দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি দল অংশগ্রহণ করে। প্রথম হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাতেমা আখতার, রোবায়াত হোসেন ও ফাতেমা তুজ জোহরার দল।

পুরো আয়োজনের অন্যতম বড় আকর্ষণ ছিল ডিজাইন শ্যারেট
পুরো আয়োজনের অন্যতম বড় আকর্ষণ ছিল ডিজাইন শ্যারেট

দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোভনলাল সরকার, রায়হান সরকার ও ইশরাত জারিন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুবাহ সাইবা, আমির হামজা ও ইশিকা অরুনিমার দল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বুয়েট ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসা দলগুলো পেয়েছে বিশেষ সম্মাননা।

উৎসবে আরও ছিল স্থাপত্য আইডিয়া প্রতিযোগিতা। মেটামরফোসিস শীর্ষক আয়োজনটি দেশ ও বিদেশের সব স্থাপত্য শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত ছিল। এতে প্রথম হন চুয়েটের অর্ঘ্য দাস ও দ্বিতীয় হন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ফারহানুল ইসলাম।

যৌথভাবে তৃতীয় হন পোল্যান্ডের কিয়েলসে বিশ্ববিদ্যালয়ের ক্যারোল মিত্রেগা ও পেরুর ন্যাশিওনাল ইউনিভার্সিটির কুইসপে নিলস আলদাইর।

চতুর্থ দিন ‘আর্কিটেকচার টক’-এর দ্বিতীয় পর্বে নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন স্থপতি খন্দকার আশিফুজ্জামান ও স্থপতি রাশেদ চৌধুরী। সেই সঙ্গে ডিজাইন শ্যারেট ও আইডিয়া কম্পিটিশনে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

শেষ দিনে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ভাগাভাগি করে নেন নিজেদের অভিজ্ঞতা। ‘আর্কিটেকচার টক’-এর তৃতীয় পর্বে কথা বলেন স্থপতি কাসিফ হাসনাইন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমিনুল ইসলাম কনফারেন্স হলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্কফেস্ট ২০২৬-এর পরিসমাপ্তি ঘটে। উৎসব আয়োজনে সহযোগিতা করে প্লাটিনাম স্পনসর নাসির সিনট্যাক্স গ্রুপ, গোল্ড স্পনসর সুইশ-বিডি এবং সিলভার স্পনসর শাহ সিমেন্ট ও মিরপুর সিরামিকস।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · লাইফস্টাইল