নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সেই সাথে তার কাছ থেকে এক হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮অক্টোবর) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিন পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে এবং তিনি ওই এলাকায় রুহুর আমিনের বাসায় ভাড়া থাকতো।
এদিন রাত ১০টায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিন পাড়া এলাকায় রুহুল আমিনের বাসার ভাড়াটিয়া জাল নোট বাজারজাত করার জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে রুহুল আমিনের ভাড়াটিয়া আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। এসময় ভাড়াকৃত বাসায় জব্বারের হেফাজত থেকে উক্ত পরিমাণ জাল নোট উপস্থিত লোকজনের সামনে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চলছিল। অভিযান চলাকালে গোপন সংবাদে জানা যায় রুহুল আমিনের বাসার ভাড়াটিয়া জাল নোটের কারবার করছে। পরে সেখানে অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে ১হাজার টাকার ২৫টি জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া যেকোনো অন্যায় ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।
সূত্র: Daily Bangladesh





