নোয়াখালী: জেলায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে মো. তাসিফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত তাসিফ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে তাসিফ-কে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সে মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিল। বৃহস্পতিবার ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ নানা রোগে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে আরও ৩৪ জন শিশু। নোয়াখালী জেনারেল হাসপাতালে ২টি আইসোলেশন সেন্টারে ৪০টি শয্যা রয়েছে। অধিক রোগী হওয়ায় বাকিদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গাদাগাদি করে অধিক রোগী চিকিৎসা নেওয়ার কারণে ডায়রিয়ার রোগীরা হামে আর হাম আক্রান্তরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
নোয়াখালী সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু তাসিফ গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ সকালে তার মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে।