ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সফিপুর থেকে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেন। এরপর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh