পরিচয় জানতে চাওয়ায় জেলেকে হত্যা
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:১২ এএম (ভিজিট : ০)

X
আলী আহমদ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌপথে দুর্বৃত্তদের হামলায় আলী আহমদ নামে এক জেলে নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে দেউদিনা খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আআগে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আলী আহমদ উপজেলার সোলামুড়া এলাকার চরইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় জেলে ছিলেন।
স্বজনদের অভিযোগ, গত কয়েকদিন ধরে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে নৌপথে চলাচল করছিল। গত বৃহস্পতিবার রাতে তাদের পরিচয় জানতে চাইলে, আশপাশের অন্য জেলেদের ডাক দেন আলী আহমদ।
এসময় ডাকাতেরা সেখান থেকে চলে যায়। পরে গত রাতে আবারও ওই দলটি এলাকায় আসে। এ সময় আলী আহমদ ও তার ছেলে নদীতে মাছ ধরছিলেন। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা প্রথমে এসেই তার ছেলেকে বেঁধে মারধর করে। পরে আলী আহমদের মাথায় আঘাত করে তাকে পানিতে ফেলে দেয়। এতে আলী আহমদের মৃত্যু হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, দুপুর ২টার দিকে পানিতে একটি মরদেহ ভাসছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনাহবে।





