নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়ে প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নির্ধারিত নতুন দাম একই দিন রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বেড়ে যাওয়ায় এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।
কমিশনের নির্ধারণ অনুযায়ী, বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম ১৭১ টাকা ৬৮ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। তবে শুধু সৌদি সিপি বৃদ্ধির কারণে গত মাসের তুলনায় ১২ কেজির সিলিন্ডারের দাম মূসকসহ প্রায় ৭৪ টাকা বেড়েছে।
নভেম্বর মাসের জন্য সৌদি আরামকো প্রতি টন প্রোপেনের দাম ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার নির্ধারণ করেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় গড় সৌদি সিপি দাঁড়িয়েছে প্রতি টন ৭৫৯ ডলার। পাশাপাশি এলপিজি আমদানিতে প্রতি টন ২৫০ ডলার জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম এবং ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ৪৬ পয়সা হিসাব করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে, সরকারি এলপিজির দামও পুনর্নির্ধারণ করেছে বিইআরসি। এলপি গ্যাস পিএলসি সরবরাহকৃত ১২ দশমিক ৫০ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৬০ টাকা।
এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা বেসরকারি এলপিজির তরল অবস্থায় প্রতি কেজির দাম মূসকসহ ১৬৫ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম ৩৬ পয়সা ৮৫ পয়সা এবং প্রতি ঘনমিটারের দাম ৩৬৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা।
সূত্র: Daily Bangladesh · অর্থনীতি





