পরের রাউন্ডেই আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন!
X
সংগৃহীত ছবি
সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘এইচ’ থেকে নকআউট পর্বের পথে এক পা দিয়েছে স্পেন। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে লা রোহারা। সমান দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উরুগুয়ে ও কেপ ভার্দে। আর এক পয়েন্ট নিয়ে তলানিতে সৌদি আরব।
এই গ্রুপের দিকে এখন বিশেষ নজর আর্জেন্টিনার। কারণ গ্রুপ ‘জে’-তে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারলে রাউন্ড অব ৩২-এ স্কালোনির দলের প্রতিপক্ষ আসবে গ্রুপ ‘এইচ’ থেকেই।
শুরুতে ধারণা করা হচ্ছিল, উরুগুয়েই হবে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ। তবে কেপ ভার্দে উরুগুয়ের সঙ্গে ড্র করাতেই বদলে গেছে সব হিসাব-নিকাশ। এখন দেখা যাচ্ছে, নিজেদের গ্রুপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন আর স্পেন তাদের গ্রুপে রানার্সআপ হলে-নকআউট পর্বের শুরুতেই দেখা হবে দল দুটির।
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে এবং জর্ডান নিজেদের ম্যাচে জয় না পেলে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার।
তবে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করলেও বিদায়ের শঙ্কা নেই। সে ক্ষেত্রে ভিন্ন পথ ধরে নকআউট পর্বে যেতে হবে মেসিদের এবং প্রতিপক্ষও বদলে যাবে।
গ্রুপ ‘এইচ’ থেকে কে হতে পারে আর্জেন্টিনার প্রতিপক্ষ?
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে। অন্য ম্যাচে খেলবে কেপ ভার্দে ও সৌদি আরব। এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ।
বর্তমান পরিস্থিতিতে আর্জেন্টিনা যদি নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তাহলে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে।
সম্ভাব্য সমীকরণগুলো হলো—
উরুগুয়ে জিতলে এবং কেপ ভার্দে ড্র বা হারলে, আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন।
উরুগুয়ে ও কেপ ভার্দে দু’দলই জিতলে গোল ব্যবধান, গোলসংখ্যা এবং ফেয়ার প্লে পয়েন্টের হিসাব বিবেচনায় প্রতিপক্ষ নির্ধারণ হবে।
উরুগুয়ে ড্র করলে এবং কেপ ভার্দে কম ব্যবধানে জিতলে, প্রতিপক্ষ হতে পারে কেপ ভার্দে।
সৌদি আরব জয় পেলে এবং উরুগুয়ে না জিতলে, সৌদি আরবও সম্ভাব্য প্রতিপক্ষ হয়ে উঠতে পারে।
নকআউটে আর্জেন্টিনার সম্ভাব্য পথ
যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় ওঠে, তাহলে প্রথম নকআউট ম্যাচে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে।
বর্তমান অবস্থান অনুযায়ী এরপর তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে বা অস্ট্রেলিয়া। কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে পর্তুগাল, সুইজারল্যান্ড কিংবা কানাডার মতো দলের সঙ্গে।
সেমিফাইনালে অপেক্ষা করতে পারে ব্রাজিল বা ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। অন্যদিকে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন কিংবা বেলজিয়ামের মতো দলগুলোর সঙ্গে সম্ভাব্য দেখা হতে পারে শুধুমাত্র ফাইনালে।
তবে এসব হিসাব-নিকাশের আগে আর্জেন্টিনার প্রধান লক্ষ্য এখন অস্ট্রিয়ার বিপক্ষে জয়। সেই বাধা পেরোতে পারলেই নকআউট পর্বের সমীকরণ আরও পরিষ্কার হয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।