পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪ হাজার ৩০০ টাকার প্রস্তাব

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪ হাজার ৩০০ টাকার প্রস্তাব

দীর্ঘ প্রতীক্ষার পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব দিতে যাচ্ছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মাসিক ১১৩ থেকে ১১৫ ডলারের সমপরিমাণ মজুরি প্রস্তাব করা হতে পারে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এ পরিমাণ প্রায় ১৪ হাজার ৩০০ টাকা। তবে শ্রমিকপক্ষের দাবি, ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

বিজিএমইএর দুই নেতার দেওয়া তথ্য অনুযায়ী, মালিকপক্ষের প্রস্তাবটি মাসিক মজুরি হিসেবে দেওয়া হবে। বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে নির্ধারণ করা হয়েছিল।

গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়।

মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য না হলে শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

এরই মধ্যে রোববার গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। অন্যদিকে সাভার ও আশুলিয়ায় ২১টি কারখানা বন্ধ ছিল। আরও ১৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসেন জানান, শ্রমিক বিক্ষোভের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ১৯টি কারখানা গতকাল খুলে দেওয়া হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বন্ধ থাকা বেশির ভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। মালিকপক্ষের প্রস্তাব জমা হলে শিল্পাঞ্চলে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বিজিএমইএর অভিযোগ, সিপিডির হিসাবে বাসাভাড়া দুইবার গণনা করা হয়েছে এবং পরিবারের সদস্যসংখ্যাও তুলনামূলক বেশি ধরা হয়েছে।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে সিপিডি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আবাসন ব্যয় আলাদাভাবে হিসাব করা হয়েছে; এতে দ্বৈত গণনা হয়নি।

সিপিডির মতে, ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের প্রয়োজনের পাশাপাশি শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদের হার, রপ্তানিমূল্য এবং যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চাপ বিবেচনায় নেওয়া জরুরি। একই সঙ্গে জ্বালানিসংকট, উচ্চ সুদের হার ও দুর্নীতির মতো সমস্যার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে মজুরি কম রাখা উচিত নয়।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · জাতীয়