প্যারাগুয়ের ‘কুৎসিত’ ফুটবল নিয়ে ক্ষুব্ধ এমবাপ্পে

প্যারাগুয়ের ‘কুৎসিত’ ফুটবল নিয়ে ক্ষুব্ধ এমবাপ্পে

প্রচণ্ড গরম আর উত্তেজনায় ভরা এক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা ম্যাচটিতে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের পর এমবাপ্পে তার বিরক্তি প্রকাশ করেছেন প্রতিপক্ষের খেলার ধরন নিয়ে।

এমবাপ্পেদের শুধু প্রতিকূল আবহাওয়ার সঙ্গে নয়, মাঠে প্যারাগুয়ের আগ্রাসী ও শারীরিক ফুটবলের সঙ্গেও লড়তে হয়েছে। ম্যাচের প্রায় পুরোটা সময় প্যারাগুয়ের খেলোয়াড়েরা শারীরিকভাবে আগ্রাসী ফুটবল খেলেছেন।

ফাউল, ট্যাকল এবং সংঘর্ষে ফ্রান্সের খেলোয়াড়দের বিরক্ত করে গেছেন লাগাতার। ম্যাচ শেষে এ নিয়ে স্পষ্টতই অসন্তোষ জানিয়েছেন এমবাপ্পে। বলেছেন, প্রয়োজনে তার দলও ‘কুৎসিত ফুটবল’ খেলতে জানে।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি আগে থেকেই জানা ছিল ফ্রান্সের। খেলা শেষে এমনটাই জানিয়ে এমবাপ্পে বলেন, ‘আমরা জানতাম, কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে। আমার মনে হয়, আজ আমরা সেটি খুব ভালোভাবেই সামলেছি।’

প্রতিপক্ষের কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘ওরা ভেবেছিল আমরা বুঝি টাক্সেডো (আভিজাত্যপূর্ণ ও ভদ্র ফুটবল খেলা অর্থে) পরে মাঠে নামব এবং শুধু চোখধাঁধানো কিছু কৌশল দেখাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রয়োজন হলে আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি। আজ সেটাই করেছি।’

ম্যাচে মোট চারটি হলুদ কার্ড দেখিয়েছেন উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ। এর মধ্যে তিনটিই দেখেছে ফ্রান্স।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।