বীমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমাদাবি নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ধারাবাহিকতায় আগামীকাল রবিবার (৮ নভেম্বর) বীমা দাবি পরিশোধ কার্যক্রমের চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে।
এ পর্যায়ে পাঁচটি বীমা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ জন পলিসিধারীকে মোট ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে।
শনিবার (৭ নভেম্বর) আইডিআরএ থেকে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪১ জন পলিসিধারীকে ৭ লাখ টাকা পরিশোধ করবে।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ হাজার ৭৪ জন পলিসিধারীকে দেবে ৮ কোটি ৩৭ লাখ টাকা। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩ হাজার ১৬৩ জন গ্রাহকের অনুকূলে পরিশোধ করবে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা।
এ ছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ হাজার ৩৫০ জন পলিসিধারীকে ৫ কোটি টাকা এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩৪৪ জন গ্রাহককে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা পরিশোধ করবে।
আইডিআরএ জানিয়েছে, বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে সংস্থাটি।
গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: Daily Bangladesh · অর্থনীতি





