প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে অন্তত চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সফরে মোট আটটি সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর চার দিনের সরকারি জাপান সফরের বিস্তারিত কর্মসূচিও তুলে ধরা হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতা স্মারকগুলো সই হওয়ার কথা রয়েছে। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী।
সফরকালে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠকের সম্ভাব্য কর্মসূচি রয়েছে। এ ছাড়া জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সভাপতি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী।
জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সফরের অংশ হিসেবে চিবা শহরের এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, নিউক্লিয়ার হেডকোয়ার্টার্স এবং নাগোয়া শহরে টয়োটার কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.