শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

বাংলাদেশে যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ভিটামিন-এ ক্যাপসুলের সংকটে বাংলাদেশে শিশুদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন গত ১৪ মাস ধরে বন্ধ রয়েছে। সর্বশেষ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের মার্চে। নিয়ম অনুযায়ী বছরে দুইবার ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও গত বছরের সেপ্টেম্বর এবং চলতি বছরের মার্চের নির্ধারিত কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়নি।

গত মাসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত জানিয়েছিলেন, ১০ জুনের মধ্যে ইউনিসেফের কাছ থেকে এক কোটির বেশি ভিটামিন-এ ক্যাপসুল পাওয়া যাবে। তবে নির্ধারিত সময়ে তা দেশে পৌঁছায়নি। যদিও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী ১০ জুনের নির্দিষ্ট সময়সীমার কথা অস্বীকার করেছেন।

তিনি জানান, ক্যাপসুল সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সরবরাহে বিলম্ব হওয়ায় ক্যাম্পেইন পিছিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ১৫ জুনের মধ্যে ক্যাপসুল দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে ২৭ জুনের দিকে ক্যাম্পেইন শুরু করা হতে পারে।

প্রতি বছর গড়ে প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশু এ কর্মসূচির আওতায় ভিটামিন-এ ক্যাপসুল পেয়ে থাকে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবার প্রায় ২ কোটি ৬০ লাখ ক্যাপসুলের চাহিদা ইউনিসেফের কাছে জানিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ক্যাম্পেইন বন্ধ থাকলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, দৃষ্টিশক্তি এবং পুষ্টিগত অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। জনস্বাস্থ্যবিদ ড. মুশতাক হোসেনের মতে, ভিটামিন-এ ঘাটতির ফলে রাতকানা, অপুষ্টি এবং হামসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

বাংলাদেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল দেওয়া হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন-এ শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি নিশ্চিত করা এবং হাম ও ডায়রিয়ার মতো সংক্রমণের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি শিশুদের অপুষ্টি প্রতিরোধে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।