বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বহুমুখী করতে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং মানবসম্পদ উন্নয়নে যুক্তরাজ্যের আরও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক সাংবাদিকদের জানান, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ এবং সম্পর্ককে বহুমুখী করার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন তারা।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে যুক্তরাজ্যের চলমান সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।