ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা

ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সম্ভাবনাময় ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সুযোগ, সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত প্রচেষ্টা।

ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা
‘কার্নিভ্যাল অব চেঞ্জ ২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নেন

সমাজে পরিবর্তন আনার ভাবনা থেকে শুরু হতে পারে ছোট একটি উদ্যোগ। সেই উদ্যোগই একসময় হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের পথ। তবে সম্ভাবনাময় ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সুযোগ, সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত প্রচেষ্টা। তরুণদের নেতৃত্বে এমন উদ্যোগ গড়ে তোলা এবং সেগুলোকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়ার গুরুত্ব উঠে এসেছে ‘কার্নিভ্যাল অব চেঞ্জ ২০২৬’ আয়োজনে।

সাভারের ব্র্যাক সিডিএমে ব্র্যাকের উদ্যোগে গত শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নেন। তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি আয়োজনটিতে রয়েছে মতবিনিময়, আলোচনা, কর্মশালাসহ নানা কার্যক্রম।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ‘শুধু একটি নেটওয়ার্কের অংশ হওয়া যথেষ্ট নয়, এটিকে কার্যকর কমিউনিটিতে পরিণত করতে হবে। নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেক মানুষকে চিনতে পারি; কিন্তু কমিউনিটি হলো সেই জায়গা, যেখানে বিপদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়।’

আসিফ সালেহ্ আরও বলেন, ‘জীবনের নানা সংকটে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। এমনকি দেশের বাইরে থেকেও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তাঁর মতে, একটি কমিউনিটি গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও দায়িত্ববোধ থেকে। সেখানে শুধু নিজের মতের মানুষের সঙ্গে নয়, ভিন্নমত পোষণকারীদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হয়। কেউ ব্যর্থ হলে তাঁকে ছোট না করে আবার উঠে দাঁড়ানোর সাহস জোগাতে হয়।’

‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত প্রকল্পগুলো ঘুরে দেখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্
‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত প্রকল্পগুলো ঘুরে দেখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্

ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান বলেন, ‘ব্র্যাকের “আমরা নতুন নেটওয়ার্ক” (এএনএন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা ও চেঞ্জমেকার হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে তরুণেরা সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হচ্ছেন। বর্তমানে সারা দেশে এ নেটওয়ার্কের প্রায় তিন হাজার অ্যালামনাই রয়েছেন, যা আগামী বছরের শেষ নাগাদ ছয় হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।’ তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে ব্র্যাকের বৃহত্তর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক উদ্যোগের পরিসর বাড়াতে চায় বলেও জানান তিনি।

নতুন নেটওয়ার্কের পথচলা, বিকাশ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান বলেন, ‘বাংলাদেশে রয়েছে হাজারো সমস্যা। আমাদের তরুণেরাই এর সমাধান করবে। তরুণদের এই উদ্যোগ যেন প্রাতিষ্ঠানিকভাবে হয়, সে লক্ষ্যেই কাজ করছে এএনএন।’

শরিফুল ইসলাম হাসান জানান, কার্নিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল নতুন নেটওয়ার্কের তরুণ চেঞ্জমেকারদের নেতৃত্বে পরিচালিত ৩০টি কমিউনিটি উদ্যোগের প্রদর্শনী। স্থানীয় সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণেদের তৈরি করা নিজ নিজ কমিউনিটির সঙ্গে যৌথভাবে যেসব পণ্য, সেবা ও সমাধানগুলো প্রদর্শনীতে তুলে ধরা হয়। এ বছর সামাজিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করা মোট ১০টি কমিউনিটি প্রকল্প ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত হয়।

চূড়ান্ত পর্বে মনোনীত ১০টি প্রকল্পের মধ্য থেকে সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা বিবেচনায় ৩টি উদ্যোগকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

পুরস্কার বিজয়ী উদ্যোগগুলো হলো চা-বাগানের জনগোষ্ঠীর ভাষা, লোককথা, গান, উৎসব ও ঐতিহ্য সংরক্ষণ এবং নথিবদ্ধ করার উদ্যোগ ‘টি কমিউনিটি কালচার প্রিজারভেশন’; ওষুধের দায়িত্বশীল ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ ‘কানন’ এবং আখের বর্জ্য থেকে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য তৈরি এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবিকার সুযোগ সৃষ্টির উদ্যোগ ‘শূন্য’। চেঞ্জমেকার অ্যাওয়ার্ড বিজয়ীরা পাবেন ব্র্যাকের সোশ্যাল এন্টারপ্রেনিউরস ফেলোশিপ।

তরুণেরা কীভাবে সম্ভাবনাময় ধারণাকে কার্যকর ও টেকসই সামাজিক উদ্যোগে রূপ দিতে পারেন, তা নিয়ে সেশন পরিচালনা করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির হেড অব এন্টারপ্রাইজ ইনকিউবেশন অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস ইয়াশনা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের প্রোগ্রাম ম্যানেজার আবদুল কাদির। অ্যালামনাই আলোচনায় অংশ নেন আমরা নতুন নেটওয়ার্কের অ্যালামনাই বিথী আক্তার। এ ছাড়া আমরা নতুন নেটওয়ার্কের একটি থিমভিত্তিক অডিওভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখানো হয়।

চূড়ান্ত পর্বে মনোনীত ১০টি প্রকল্পের মধ্য থেকে ৩টি উদ্যোগ পায় ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পুরস্কার
চূড়ান্ত পর্বে মনোনীত ১০টি প্রকল্পের মধ্য থেকে ৩টি উদ্যোগ পায় ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পুরস্কার

এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘একতায় গড়ি আগামী’, যা সুন্দর আগামীর পথ নির্মাণে তরুণ নেতৃত্ব ও বিভিন্ন প্রজন্মের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।

আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পপুলার থিয়েটার দলের পরিবেশনায় নাটক ও পাপেট শো।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে এএনএনের তরুণ সদস্যদের পাশাপাশি সংগীত পরিবেশন করে ব্যান্ড শিরোনামহীন ও শিল্পী মিফতাহ জামান।

২০১৮ সালে যাত্রা শুরু করা ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের নিয়ে কাজ করছে। প্রশিক্ষণ, পরামর্শ ও নানা কার্যক্রমের মাধ্যমে তাঁদের ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলাই এর লক্ষ্য। দেশের ২৫টি জেলায় বিস্তৃত এএনএন উদ্যোগের মাধ্যমে ২ হাজার ৯৩২ জনের বেশি তরুণ প্রশিক্ষণ পেয়েছেন। নেটওয়ার্কের অ্যালামনাইরা এখন পর্যন্ত ৪৭৫টির বেশি কমিউনিটি প্রকল্প পরিচালনা করেছেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।