পবিত্র কাবা শরিফের ভেতরে প্রবেশ করে নামাজ আদায়ের বিরল সম্মান পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর সৌদি আরবের রাজকীয় আদালতের বিশেষ অনুমতিতে তিনি কাবার অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তিনি নাইজেরিয়ার জনগণের কল্যাণ, দেশের শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
নাইজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভয়েস অব নাইজেরিয়ার (ভিওএন) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় পৌঁছান প্রেসিডেন্ট তিনুবু। ৩০ অক্টোবর পবিত্র মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এ সময় পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি করেন। পরে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
এরপর ১ নভেম্বর সৌদি রাজকীয় আদালতের বিশেষ ব্যবস্থাপনায় কাবার দরজা খুলে দেওয়া হয় তার জন্য। রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য ও বিশিষ্ট অতিথিদের ক্ষেত্রে বিশেষ উপলক্ষে এ ধরনের সুযোগ দেওয়া হয়। এ সময় তার সঙ্গে কয়েকজন রাজ্য গভর্নর, পরিবারের সদস্য ও ব্যবসায়ী নেতারাও কাবার ভেতরে প্রবেশ করেন। সেখানে নামাজ আদায়ের পাশাপাশি হাজরে আসওয়াদে চুম্বন করেন তিনি।
কাবার ভেতরে প্রবেশের পর নাইজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনুবু বলেন, দেশের মানুষের সেবা অব্যাহত রাখতে তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও দৃঢ়তা চেয়েছেন। এ বিরল সম্মান দেওয়ায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, নাইজেরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল সামাদ রাবিউও প্রেসিডেন্টের সঙ্গে কাবার ভেতরে প্রবেশ করেন। বহুবার হজ ও ওমরাহ পালন করলেও এর আগে কখনো কাবার অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাননি তিনি।
এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি ও তার সফরসঙ্গীরাও সৌদি আরব সফরের সময় কাবার ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।
প্রতিবেদনটির লেখক ও নাইজেরিয়ার প্রেসিডেন্টের জ্যেষ্ঠ বিশেষ সহকারী তুন্দে রহমানের মতে, এ ঘটনা শুধু ধর্মীয় সম্মান নয়, সৌদি আরব ও নাইজেরিয়ার ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কেরও প্রতিফলন। একই সঙ্গে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তিনুবুর রাজনৈতিক অবস্থানেও এর প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করেন।
সূত্র: Daily Bangladesh





