বিশ্বকাপে ভুয়া সমর্থক ব্যবহার করছে কাতার!

বিশ্বকাপে ভুয়া সমর্থক ব্যবহার করছে কাতার!

চার বছর আগে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ‘ভুয়া সমর্থক’ ব্যবহারের অভিযোগ এসেছিল স্বাগতিকদের বিরুদ্ধে। সেবার অস্বীকার করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এবার দেশটির বিরুদ্ধে একই অভিযোগ এনেছে। এক অনুসন্ধানে দাবি করা হয়েছে, চলতি বিশ্বকাপে কাতার সরকার ফুটবল দলকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র ও কানাডায় সমর্থকদের যাতায়াত ও থাকার ব্যয় বহন করেছে।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার পাউন্ড মূল্যের ম্যাচের টিকিট, বিমান ভাড়া ও হোটেল সুবিধা অনেকেই বিনামূল্যে পেয়েছেন। এমনকি কাউকে এক রিয়ালও খরচ করতে হয়নি। কাতারের গ্রুপ পর্বের তিনটি ম্যাচে প্রায় এক হাজার সমর্থককে পুরো সময়জুড়ে স্টেডিয়ামে রাখা হয়েছিল বলে দাবি দ্য টেলিগ্রাফের। বিশ্বকাপে সমর্থকদের ভূমিকা কী– তা নিয়েও নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের জন্য আরও ৫০০ জনকে টিকিট দেওয়া হয়।

২০২২ বিশ্বকাপে ইংল্যান্ড দলের আগমনে ঢাকঢোল নিয়ে হাজির হওয়া ভারতীয় বংশোদ্ভূত কিছু সমর্থক নিজেদের প্রকৃত ভক্ত বলে দাবি করেছিলেন। এবারও টেলিগ্রাফ স্পোর্টকে বহু টিকিটধারী নিশ্চিত করেছেন, তারা বিনামূল্যে কাতারের রং ধারণ করেছেন এবং অনেকেই অতিরিক্ত আর্থিক সুবিধাও পেয়েছেন। বসনিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে প্রায় দুই হাজার সমর্থক বিনামূল্যে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) ৫ জুন প্রকাশিত এক বিবৃতিতে ‘কাতারি ফ্যানস ডেলিগেশন প্রোগ্রামের’-এর কথা উল্লেখ করে জানায়, ‘প্রায় এক হাজার নিবেদিতপ্রাণ সমর্থকসহ অংশগ্রহণকারীদের বিমান টিকিট, কাতার এয়ারওয়েজের ফ্লাইট, হোটেল ও স্থানীয় পরিবহনের খরচ কর্মসূচির আওতায় বহন করা হচ্ছে।’ স্টেডিয়ামে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে খেলোয়াড়দের বিশ্বমঞ্চে সর্বোচ্চ সাফল্য অর্জনে উৎসাহিত করাই তাদের উদ্দেশ্য বলেও জানানো হয়।

সৌদি আরবের রিয়াদ থেকে আসা এক সমর্থক বলেন, ‘খুব দ্রুত খবর ছড়িয়ে পড়ে যে কাতার টিকিট দিচ্ছে এবং সব খরচ বহন করছে। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ক থাকলেই আবেদন করা যাচ্ছিল।’

বিনামূল্যে নিয়ে আসা সমর্থকদের অনেককে ভ্যাঙ্কুভারের ফেয়ারমন্ট হোটেল এবং জেডব্লিউ ম্যারিয়ট পার্ক হোটেলে রাখা হয়। সিয়াটলে থাকা সমর্থকদের জন্য হায়াট রিজেন্সি ও ডব্লিউ সিয়াটল-সহ চারটি হোটেলের ব্যবস্থা করা হয়েছিল। কয়েক সমর্থকের দাবি– শুক্রবার কাতারের আমিরের চার্টার করা বিমানে তারা দেশে ফিরবেন।

এ বিষয়ে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন এবং সৌদি আরব ফুটবল ফেডারেশনে মন্তব্য জানতে চাইলেও তারা কিছু জানায়নি।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।