বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা বাজার-ধনুয়া সড়কের দুটি ভাঙা অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কের গভীর গর্তে পড়ে অটোরিকশাসহ ছোট যানবাহন উল্টে যাচ্ছে।

এতে শিল্পকারখানার শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা আহত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ চললেও সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ মাওনা বাজার-ধনুয়া সড়ক দিয়ে প্রতিদিন আশপাশের অন্তত ১৫টি শিল্পকারখানার অর্ধলক্ষাধিক শ্রমিক যাতায়াত করেন। পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালবাহী যানবাহনও এ সড়ক ব্যবহার করে থাকে। সড়কটি এলাকার যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে এর বিভিন্ন স্থানে ভাঙন ও গর্ত সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মাওনা বাজার থেকে মেম্বার বাড়ি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের খানবাড়ি এলাকায় বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া আরও একটি স্থানে সড়কের পিচ উঠে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে পড়ে প্রায়ই ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে অটোরিকশা, ব্যাটারিচালিত যান ও মোটরসাইকেল চালকদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
খানবাড়ি এলাকার ব্যবসায়ী শাখাওয়াত হোসেন খান বলেন, খানবাড়ি মোড়ে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে অটোরিকশাসহ ছোট যানবাহন প্রায়ই উল্টে যাচ্ছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে।

মেম্বার বাড়ি মোড় এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, “রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। ভারী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও ছোট যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনায় পড়ছে।

অটোরিকশাচালক মইনুল হক বলেন, “গত দুই দিনে গর্তে পড়ে আমার অটোরিকশা দুবার উল্টে গেছে। এ সময় কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুম শুরু হওয়ায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তাই জনদুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখব। আপাতত আমার হাতে কোনো বাজেট নেই। এ বিষয়ে উপজেলা পরিষদের সঙ্গে কথা বলব।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।