কিশোরগঞ্জের ভৈরবে এওয়াজ বদল দলিলের মাধ্যমে ১৬ বছর আগে অদলবদল করা জমি পুনরায় বিক্রি ও জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে রইছ মিয়া ও ফুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী মজিবুর রহমান।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের পশ্চিমপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা। এ সময় আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমান ও আক্তার হোসেন জানান, প্রায় ১৬ বছর আগে একই গ্রামের বাসিন্দা রইছ মিয়ার সঙ্গে এওয়াজ বদল দলিলের মাধ্যমে জমি অদলবদল করেন মজিবুর রহমান। এরপর থেকে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন।
তাদের অভিযোগ, জমির রেজিস্ট্রিকৃত এওয়াজ বদল দলিলে দাগ নম্বরে ভুল থাকায় গত বছর তা সংশোধনের জন্য আদালতে মামলা করেন মজিবুর রহমান। মামলাটি চলমান থাকা অবস্থায় রইছ মিয়া ওই জমি ফুল মিয়ার কাছে বিক্রি করে দেন। জমির দাম বেড়ে যাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তারা।
মজিবুর রহমান বলেন, এওয়াজ বদল দলিলের মাধ্যমে জমি অদলবদলের পর থেকে তিনি তা ভোগদখল করে আসছেন। দলিলে দাগ নম্বরের ভুলের সুযোগ নিয়ে জমিটি অন্যত্র বিক্রি করা হয়েছে বলে তার অভিযোগ। একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি। বরং জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মজিবুর রহমান জমি নিয়ে বিরোধের সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত রইছ মিয়া ও ফুল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা যাবে।
ক্যাপশন: কিশোরগঞ্জের ভৈরবে এওয়াজ বদল দলিলে অদলবদল করা জমি বিক্রি ও দখলচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.