ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ড্রেজার ও বাল্কহেড মালিকদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা কোস্টগার্ড বেইসের একটি দল পশ্চিম ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রুবেল (২৭), রিপন (২৫), নোমান মিয়া (২২), ইয়ামিন (১৬), মো. আব্বাস (৩৮), পরশ মনি হাওলাদার, সুমন হাওলাদার ও মো. খলিল।
পরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ড্রেজার ও বাল্কহেড মালিকদের দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সাতজন বালু উত্তোলনকারীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক ইয়ামিন (১৬) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনসহ নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। নদী ও নদীতীরবর্তী মানুষের সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।