ভোলার মনপুরা উপজেলায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এক মাইক্রোবাসচালক ও তার হেলপারকে মারধর, ৩০ হাজার টাকা ছিনতাই এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চালক।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী মো. ইব্রাহিম (৩৫) উপজেলার ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা। তার অভিযোগ, ঘটনার দিন সকাল ৬টার দিকে রামনেওয়াজ ঘাটে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে তার হেলপারের সঙ্গে কয়েকজন হোন্ডাচালকের কথা-কাটাকাটি হয়। পরে তারা সেখান থেকে চলে যান।
ইব্রাহিমের ভাষ্য, পরে তিনি যাত্রী নিয়ে সাকুচিয়ার উদ্দেশে রওনা হন। পথে সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা মাইক্রোবাসের সামনে এসে পথরোধ করেন। এরপর তাকে ও তার হেলপারকে গাড়ি থেকে নামিয়ে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়।
এ সময় তার পকেট থেকে ২০ হাজার টাকা এবং হেলপারের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ইব্রাহিম। হামলায় দুজনই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে লোহার রড দিয়ে মাইক্রোবাসের সামনের, পাশের ও পেছনের কাচ ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইব্রাহিম জানান, ঘটনার পর তিনি ও তার হেলপার মনপুরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভাঙচুরের শিকার মাইক্রোবাসটি এখনও ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে দাবি করেন তিনি।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.