মস্তিস্কে আঘাত পেয়েছেন কারাবন্দি সাবেক এমপি জিন্নাহ, দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:১৩ পিএম (ভিজিট : ০)
X
সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহর মস্তিস্কে আঘাত পেয়েছেন বলে জানা গেছে। তিনি কারা তত্বাবধানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর শারিরিক অবস্থা জটিল বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের গড় এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি করা এমআরআই পরীক্ষার প্রতিবেদনে তাঁর মস্তিষ্কে আঘাতের বিষয়টি ধরা পড়েছে। পাশাপাশি তাঁর দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন কারাগারে অন্তরীণ থাকার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শরিফুল ইসলাম জিন্নাহ ছোট ছেলে ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন তার পিতার মস্তিষ্কের সমস্যা ও সার্বিক শারীরিক অসুস্থতা রয়েছে এ জন্য দীর্ঘমেয়াদি নিবিড় চিকিৎসার প্রয়োজন। এছাড়া তাঁর চোখে অস্ত্রোপচার (সার্জারি) করানোরও প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকরা মত দিয়েছেন।
তিনি জানান, বগুড়া জেলা কারাগারে আটক থাকা অবস্থায় বাবা হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় জেলা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁকে গত বুধবার (২২ জুলাই) ঢাকায় স্থানান্তর করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে তার মস্তিস্কে িআঘাত ধরা পড়েছে। তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তিনি পিতার সুস্থতা কামনা করে শিবগঞ্জ উপজেলা বাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তবে এ বিষয়ে জেলা কারাগারের জেল সুপার জানিয়েছেন যে, সহকারী সার্জনের পরামর্শ মোতাবেক তাকে একাধিকবার “DM with DPN with HTN with BEP Renal Impairment”রোগের উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সর্বশেষ গত ২২ জুলাই ফলোআপ এ প্রেরণ করা হলে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক তাকে অধিকতর উন্নত চিকিৎসার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স হাসপাতাল ঢাকায় রেফার্ড করেন। একই দিন এম্বুলেন্সযোগে দ্রুততম সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের মাধ্যমে সরাসরি উক্ত হাসপাতালে প্রেরণ করা হয়।