রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মালচিং পদ্ধতিতে কমছে খরচ, বাড়ছে সবজি উৎপাদন


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কৃষিকাজে দিন দিন বাড়ছে নানা ধরনের চ্যালেঞ্জ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, আগাছা, রোগবালাই ও শ্রমিকের বাড়তি খরচের কারণে কাঙ্ক্ষিত ফলন পাওয়া অনেক কৃষকের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আধুনিক কৃষি প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করছে। এর মধ্যে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে কম খরচে বেশি ফলন পাওয়ার পাশাপাশি লাভবান হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কৃষকেরা।

উপজেলার বিভিন্ন এলাকায় আধুনিক মালচিং পদ্ধতিতে শসা, টমেটো, মরিচ, বেগুন, চিচিঙ্গা, করলা, বরবটি, লাউসহ বিভিন্ন জাতের সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকদের মতে, এ পদ্ধতিতে জমির পরিচর্যায় সময় ও শ্রম কম লাগে। পাশাপাশি সেচের পানি সাশ্রয় এবং আগাছা নিয়ন্ত্রণ সহজ হওয়ায় উৎপাদন খরচও কমে আসে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মালচিং একটি আধুনিক কৃষি পদ্ধতি। এ পদ্ধতিতে জমিতে নির্দিষ্ট দূরত্বে বেড তৈরি করে তার ওপর বিশেষ ধরনের মালচিং পেপার বা পরিবেশবান্ধব প্লাস্টিক শিট বিছিয়ে দেওয়া হয়। এরপর প্রয়োজনীয় স্থানে ছিদ্র করে সেখানে বীজ বা চারা রোপণ করা হয়।

মালচিং শিট মাটির আর্দ্রতা দীর্ঘসময় ধরে রাখতে সহায়তা করে। একই সঙ্গে সূর্যের তাপে মাটির পানি দ্রুত শুকিয়ে যাওয়া এবং আগাছার বিস্তার কমে যায়। ফলে সেচ ও আগাছা পরিষ্কারে শ্রম ও খরচ দুটোই কম লাগে। মাটির আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি গাছের গোড়ার পরিবেশ নিয়ন্ত্রিত থাকায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও অনেকাংশে কমে আসে। এতে ফসলের বৃদ্ধি ভালো হয় এবং ফলন বাড়ার সুযোগ তৈরি হয়।

মাঠ পর্যায়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচলিত পদ্ধতিতে সবজি চাষে জমিতে বারবার আগাছা পরিষ্কার, সেচ ও পরিচর্যার প্রয়োজন হয়। এসব কাজে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হয়। তবে মালচিং ব্যবহারের ফলে এসব কাজের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকের লাভও বাড়ছে।

কৃষক আনোয়ার হোসেন পড়াশোনার পাশাপাশি মালচিং পদ্ধতিতে ৫০ শতক জমিতে করলা, শসা ও টমেটোসহ বিভিন্ন সবজি চাষ করছেন।

তিনি বলেন, মালচিং পদ্ধতিতে চাষ করায় জমিতে আগাছা নেই বললেই চলে। শ্রমিক, সেচের পানি ও সারের ব্যবহারও তুলনামূলকভাবে অনেক কম লাগে। প্লাস্টিক মালচ ব্যবহারের কারণে গাছের গোড়ার মাটির আর্দ্রতা দীর্ঘসময় বজায় থাকে। রোদের তাপে মাটির পানি দ্রুত শুকিয়ে যায় না। এতে গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয়।

আনোয়ার হোসেন বলেন, আগে প্রচলিত পদ্ধতিতে সবজি চাষ করে অনেক সময় লোকসান গুনতে হতো। আধুনিক এ পদ্ধতি ব্যবহারের পর উৎপাদন খরচ কমেছে এবং লাভের পরিমাণ বেড়েছে।

কৃষক মোস্তাকিম সরকার জানান, একসময় তিনি মৌসুম অনুযায়ী বছরজুড়ে লাউ, করলা, বেগুন, টমেটো, মরিচ ও শসাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন। প্রচলিত পদ্ধতিতে উৎপাদন খরচ তুলনামূলক বেশি হওয়ায় আশানুরূপ লাভ হতো না। গত দুই বছর ধরে তিনি মালচিং পদ্ধতিতে চাষ করছেন।

তিনি বলেন, শুরুতে এ পদ্ধতিতে কিছুটা বাড়তি খরচ হলেও পরে আগাছা পরিষ্কার ও সেচের খরচ অনেকটাই কমে যায়। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে। ফলে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বেড়েছে। এতে আগের তুলনায় বেশি লাভ হচ্ছে।

মোস্তাকিম সরকার আরও বলেন, মালচিং পদ্ধতিতে চাষাবাদের বিষয়ে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা পাওয়া যাচ্ছে।

আরেক কৃষক মো. তাজুল ইসলাম বলেন, মালচিং পদ্ধতিতে সবজি চাষে খরচ কম, লাভ বেশি। কৃষি অফিসের সহায়তায় বছরজুড়ে জমিতে বরবটি, টমেটো, শসা, বেগুন ও লাউসহ বিভিন্ন জাতের সবজি চাষ করছি। এবার মালচিং পদ্ধতিতে টমেটো, শসা ও বেগুন চাষ করেছি। ফসলের অবস্থা খুবই ভালো।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কৃষিকাজ করলেও এ পদ্ধতি ব্যবহারের পর জমির পরিচর্যায় সময় ও শ্রম দুটোই কম লাগছে। আগের তুলনায় উৎপাদন খরচ কম এবং ফলন ভালো হওয়ায় বেশ লাভবান হচ্ছি।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে সবজি আবাদ হচ্ছে। কৃষকদের সার, বীজসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়ার পাশাপাশি ফলন বৃদ্ধিতে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, “আখাউড়ায় মালচিং পদ্ধতিতে সবজি চাষ দিন দিন বাড়ছে। এটি একটি আধুনিক, পরিবেশবান্ধব ও লাভজনক পদ্ধতি। এর মাধ্যমে পানির অপচয় কমে, আগাছা দমন সহজ হয় এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকাংশে কমে আসে। পাশাপাশি সেচ, সার ও কীটনাশকের ব্যবহার কম হওয়ায় উৎপাদন ব্যয়ও কমে যায়। ফলে কৃষকেরা কম খরচে বেশি ফলন ও বেশি লাভের সুযোগ পান।”

কৃষি কর্মকর্তা আরও বলেন, কৃষিভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের মালচিং পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে। আধুনিক এ পদ্ধতির ব্যবহার আরও বিস্তৃত হলে সবজি উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});