চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আরাফাত (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরাফাত দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ক্লাবপাড়া গ্রামের আনারুলের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন রোববার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার একটি দল ডুগডুগি বাজার এলাকায় অবস্থান নেয়। পরে পুলিশ সদস্যরা লোকনাথপুর-দর্শনা সড়কের পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ আরাফাতকে আটক করতে সক্ষম হলেও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে আরাফাতের ব্যবহৃত তিন চাকার ব্যাটারিচালিত পাখি ভ্যানের চালকের আসনের নিচে থাকা টুলবক্সে তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষ কায়দায় রাখা একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রঙের কস্টেপ ও সাদা পলিথিনে মোড়ানো সাতটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলোতে মোট ৭ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা গাঁজা ও ব্যবহৃত পাখি ভ্যানটি রাতেই থানায় নেওয়া হয়। এ ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, গাঁজাসহ গ্রেপ্তার আরাফাতকে রোববার চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও পাখি ভ্যানটি আইনগত প্রক্রিয়ায় থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।