চট্টগ্রামের মিরসরাইয়ে পালিত বাবার জমি জবরদখলের চেষ্টার অভিযোগ তুলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। শনিবার (৩ অক্টোবর) সকালে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্যে বলেন, তিনি উপজেলার মধ্যম মায়ানি এলাকার ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তার দাবি, শত বছরের পুরোনো ও দখলীয় নিজস্ব সম্পত্তি দখলের চেষ্টা চলছে। এ ঘটনায় তিনি আদালতে দুটি দেওয়ানি মামলা করেছেন, যা বর্তমানে চলমান রয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, মামলাগুলোতে আদালত বিরোধীয় জমিতে অনধিকার প্রবেশ এবং কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এরপরও প্রভাবশালী একটি মহল জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, তার প্রবাসী তিন ছেলে দেশে ফিরলে তাদের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এসব কারণে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে মোহাম্মদ হাসান বলেন, বিরোধীয় সম্পত্তি নিয়ে সংশ্লিষ্ট দলিলপত্র, আদালতের নথি, রেজিস্ট্রি অফিসের রেকর্ড, নামজারি, খতিয়ান, স্থানীয় সালিশের প্রতিবেদন ও এলাকার সাক্ষীদের তথ্য যাচাই করলে প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি বা তার পরিবার দোষী কি না, এসব নথি যাচাই করেই তা নির্ধারণ করা সম্ভব বলে জানান তিনি।
এ বিষয়ে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) সাফিন বলেন, তিনি আদালতের আদেশ পেয়েছেন এবং সে অনুযায়ী নোটিশ জারি করে বিষয়টি আদালতকে অবহিত করেছেন।
বিরোধীয় জমির মালিকানা ও দখল নিয়ে আদালতে মামলা চলমান থাকায় এর নিষ্পত্তি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।