মৌলভীবাজারে দুই হাজারের বেশি সিএনজি অটোটেম্পু চলাচল, রাজস্ব ফাঁকির অভিযোগ

মৌলভীবাজারে দুই হাজারের বেশি সিএনজি অটোটেম্পু চলাচল, রাজস্ব ফাঁকির অভিযোগ

মৌলভীবাজারে দুই হাজারের বেশি সিএনজি অটোটেম্পু চলাচল, রাজস্ব ফাঁকির অভিযোগ

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলা ও সদর উপজেলার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে দুই হাজারের বেশি সিএনজি চালিত অটোটেম্পু (টমটম) চলাচল করছে। এসব যানবাহনের বৈধ কাগজপত্র, ফিটনেস ও রুট পারমিট নিয়ে প্রশ্ন তুলে বড় অঙ্কের রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বর্তমানে মাত্র ৫১টি অটোটেম্পুর হালনাগাদ ট্যাক্স টোকেন এবং ৫৩টির ফিটনেস সনদ রয়েছে। এছাড়া কোনো অটোটেম্পুরই রুট পারমিট নেই বলে অভিযোগ করা হয়েছে। অনেক চালকের ড্রাইভিং লাইসেন্সও নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, এসব যানবাহন শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে যাত্রী ও পণ্য পরিবহন করছে। এতে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। স্থানীয়দের দাবি, লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে অতীতেও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিআরটিএ সূত্রে জানা যায়, ২০১৩ সালে পর্যায়ক্রমে ১ হাজার ৩৫৯টি সিএনজি অটোটেম্পুর নিবন্ধন দেওয়া হলেও আইনগত কারণে রুট পারমিট দেওয়া হয়নি। 

সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক অটোটেম্পু ফিটনেস ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না করেই চলাচল করায় সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে মৌলভীবাজার বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ নাছির উদ্দিন এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে প্রতিটি অটোটেম্পু উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পরিশোধ না করায় সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো. কামরুল হাসান পূর্বে গণমাধ্যমকে বলেন, বিআরটিএ অভিযান পরিচালনা করলে ট্রাফিক পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।