রাজধানীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

রাজধানীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে শহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ীর দনিয়ার রসুলপুর এলাকার একটি বাসার সাততলা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শহিদা বেগম কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শীদলাই গ্রামের মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী। যাত্রাবাড়ীর ওই বাসাটিতে তিনি ছেলে বিল্লাল হোসেনের স্ত্রীসহ থাকতেন বলে জানা গেছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহত শাহিদা বেগমের ছেলে বিল্লাল হোসেন মালয়েশিয়া প্রবাসী। বিল্লালের স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে ওই বাসাটিতে থাকতেন শাহিদা বেগম। এছাড়া শারমিন একটি ডেন্টাল ক্লিনিকে চাকরি করেন। শনিবার ১১ জুলাই রাতে কাজ শেষে বাসায় ফিরে ঘরের সবকিছু এলোমেলো এবং শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় নিথর দেহে পড়ে থাকতে দেখেন শারমিন। এরপর থানায় ফোন করে বিষয়টি জানান। এ ঘটনায় বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত শাহিদা বেগমের গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে হয়তো মূল্যবান জিনিসপত্রসহ টাকা-পয়সা লুটে নেয়ার চেষ্টা করেছিল। বিষয়টি দেখে ফেলায় তারা ধারালো অস্ত্র দিয়ে শাহিদা বেগমের গলার বাম পাশে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় তার গলার চেইন, কানের দুল ছাড়াও ৫ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে। 

এসআই রফিকুল ইসলাম আরও জানান, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এছাড়া ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।