ভোলার লালমোহন উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে প্রথমে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
পদযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজই পারে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে। সমাজের শিক্ষিত ও সচেতন মানুষকে নিরক্ষরতা দূরীকরণে উদ্যোগী হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা সম্ভব।