অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে (২৫) হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন স্বামী উদ্ভব দাস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সীমার মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকেই উদ্ভবকে আটক করা হয়। স্বজনদের দাবি, পুলিশ পৌঁছানোর সময় তিনি মরদেহের পাশে বসে সিগারেট টানছিলেন।
রোববার (১১ অক্টোবর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে সীমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সীমা ও উদ্ভবের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতেও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সীমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে উদ্ভব নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
উদ্ভবের স্বজন পবিত্র চন্দ্র দাস বলেন, উদ্ভব নেশাগ্রস্ত থাকতেন বলে পরিবারের সদস্যদের মধ্যে অভিযোগ ছিল। তিনি প্রায়ই বাবার কাছে টাকা চাইতেন। টাকা না পেলে ঝগড়া করতেন। তবে মাঝেমধ্যে বাবার সঙ্গে মাছ ধরার কাজেও সহযোগিতা করতেন। উদ্ভবের ভগ্নিপতি শুবল চন্দ্র দাস বলেন, রাত পৌনে ১২টার দিকে ফোনে স্ত্রীকে হত্যার খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে উদ্ভবকে আটক করে নিয়ে যেতে দেখেন। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানান তিনি। দীঘির চালা স্কুলের সহকারী শিক্ষক শ্রী রাণী দাসের ভাষ্য, উদ্ভবের আগে আরেকটি বিয়ে হয়েছিল। ওই সংসারে তাঁর স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ ছিল। পরে প্রথম স্ত্রী চলে গেলে ভৈরবের কুলিয়ারচর এলাকা থেকে সীমাকে পছন্দ করে বিয়ে করেন উদ্ভব। শ্রী রাণী দাসের দাবি, প্রায় ছয় মাস আগে সীমাকে মারধর করে তাঁর মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছিল। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.