শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

উৎসব চলবে আগামী ২১ জুন পর্যন্ত

উৎসব চলবে আগামী ২১ জুন পর্যন্ত

জমকালো ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে হারমোনি ফেস্টিভ্যাল। উৎসব চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

চা-বাগানের সবুজ প্রান্তরে এক ছাদের নিচে মিলেছে সিলেট বিভাগের ২৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও হস্তশিল্প। খাসিয়াদের পান প্রস্তুতি থেকে শুরু করে মণিপুরীদের তাঁতশিল্প, ত্রিপুরাদের কোমর তাঁত, শবর ও মুন্ডাদের নৃত্য—বৈচিত্র্যের এক বর্ণিল আয়োজন নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। শুক্রবার বিকেলে ফিনলে চা বাগানের ফুলছড়া মাঠে উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার এনডিসি।

আয়োজকরা জানান, সিলেট বিভাগে বসবাসরত ২৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, জীবনধারা ও ঐতিহ্যকে তুলে ধরাই এ উৎসবের মূল লক্ষ্য। পাশাপাশি বাঙালি সংস্কৃতিরও বিভিন্ন অনুষঙ্গ উপস্থাপন করা হবে। আগামী বছর থেকে দেশের সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে একটি প্ল্যাটফর্মে এনে আরও বৃহৎ পরিসরে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে খাসিয়া জনগোষ্ঠীর পান প্রস্তুতির সরাসরি প্রদর্শনী, ত্রিপুরাদের কোমর তাঁত, মণিপুরীদের তাঁতশিল্প, চা ও রাবার প্রক্রিয়াজাতকরণ এবং কুমার সম্প্রদায়ের মৃৎশিল্প তৈরির লাইভ প্রদর্শনী।

শ্রীমঙ্গল উপজেলার খাসি, গারো, মণিপুরি, ত্রিপুরা, শবর, খাড়িয়া, সাঁওতাল, ওরাওঁ ও মুন্ডাসহ বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য এ উৎসবে তুলে ধরা হচ্ছে। দর্শনার্থীরা ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প প্রদর্শনী ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগের সুযোগ পাচ্ছেন।

সাংস্কৃতিক আয়োজনে শবর সম্প্রদায়ের পত্য সাওড়া ও চারিয়া নৃত্য, বাড়াইক সম্প্রদায়ের ঝুমুর নৃত্য, মুন্ডাদের মুন্ডারি নৃত্য, মণিপুরীদের রাসলীলা ও পুং চোলম এবং সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য পরিবেশিত হবে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের বহুমাত্রিক সংস্কৃতিকে দেশ-বিদেশে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন