এ অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক মাস্টার প্ল্যান’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। পরিকল্পনার আওতায় প্রাথমিকভাবে প্রায় ৫৩ দশমিক ৭৬ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য সম্ভাব্য বরাদ্দ হিসাব করে প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও কিছু সড়ক যুক্ত হওয়ায় মোট উন্নয়নকাজের পরিমাণ প্রায় ৬০ কিলোমিটারে দাঁড়িয়েছে। প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।
প্রস্তাবিত সড়কগুলোর মধ্যে উপজেলা সদর থেকে হায়াতখালী বাজার হয়ে গিলাবাড়ি বাজার পর্যন্ত প্রায় ১৫ দশমিক ৬৪ কিলোমিটার সড়ক রয়েছে। এ ছাড়া খালাস খার দিঘির পাড় হয়ে সুন্দরবন-সংলগ্ন শাকবাড়িয়া নদীর পশ্চিম পাড়ের বাঁধ দিয়ে গোলখালী পর্যন্ত সড়ক, গিলাবাড়ি বাজার থেকে কয়রা বাজার অভিমুখী সড়ক, গোলনা বাজার থেকে দুবরা-কাটি মোড় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, উপজেলার কয়েকটি সড়ক নির্মাণ ও মেরামতের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে প্রস্তাবটি যাচাই-বাছাই চলছে। ডিপিপি অনুমোদনের পর পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল বাকী বলেন, উপজেলার অভ্যন্তরীণ সড়কের একটিকে আরেকটির সঙ্গে যুক্ত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে এলাকার ব্যবসা ও পর্যটনে গতি ফিরবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।