সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা
জাতীয় সংসদ

সরকারি ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান যোগ্যতার শর্ত শিথিল করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে, এমন অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না।

আজ সোমবার ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ পাস হয়। বিলটির ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, বিলে কিছু জায়গায় স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়েছে। সেগুলো বন্ধ করা প্রয়োজন।

পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন, ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’র সংজ্ঞার ক্ষেত্রে একটি নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা দরকার। তা না হলে বিষয়টি যেকোনো দিকে চলে যেতে পারে।

স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে

এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এই আইনে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে, গত ২০ বছরে যাঁরা কোনো কাজ পাননি বা সুযোগ পাননি, তাঁদের সুযোগ-বঞ্চিত ব্যক্তি হিসেবে বিবেচনা করে সীমিত দরপত্রের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সরকারি ক্রয় আইনের মূল লক্ষ্য ছিল প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। সেখানে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি যুক্ত করা হলে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে?

আখতার হোসেন বলেন, তিনি হলফ করে বলতে পারেন, এই আইন বাস্তবায়নের পর্যায়ে গেলে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ আর থাকবে না; এটি দলীয় সুবিধাবাদী ব্যক্তিতে পরিণত হবে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, বিগত আমলে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ অনেক ক্ষেত্রে সুযোগ পায়নি। কিন্তু এখন যদি সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের জন্য এ ধরনের বিধান রাখা হয়, ভবিষ্যতে অন্যরাও একই সুযোগ নেওয়ার উদ্যোগ নিতে পারে।

বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুবিধাবঞ্চিতদের অংশগ্রহণের বিষয়টি একটি পরিচিতি বা শ্রেণি নির্ধারণের বিষয়। সুযোগ-বঞ্চিত হলেই যে কেউ সুবিধা পাবেন, তা নয়। এ ক্ষেত্রে সুযোগ-বঞ্চিতদের অংশগ্রহণের পাশাপাশি বেসরকারি খাতের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

পরে বিরোধীদলীয় সদস্যদের আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। পরে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ সংসদে পাস হয়।

বিলে যা আছে

বিলে বলা হয়েছে, ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অথবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে ক্রয়কার্যের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনা করে ক্রয়কারী বিশেষ শর্ত আরোপ করতে পারবে।

বিলে আরও বলা হয়েছে, দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বাড়ানোর লক্ষ্যে সরকার সরকারি ক্রয়ে বাংলাদেশে উৎপাদিত বা প্রস্তুতকৃত পণ্যকে অগ্রাধিকার দিতে পারবে। পাশাপাশি নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করার ক্ষমতাও সরকারের থাকবে। দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নতুন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা, নারী দরপত্রদাতা অথবা সুযোগবঞ্চিত ব্যক্তিদের ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে। এ ছাড়া কোনো বিদেশি ব্যক্তি বা ব্যক্তিরা এই আইনের অধীন প্রাক্-যোগ্যতা, আগ্রহ ব্যক্তকরণ, দরপত্র বা প্রস্তাব দলিলে অংশগ্রহণ করতে চাইলে আবশ্যিকভাবে বাংলাদেশের কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

এর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর দেওয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি পাস হয়।

বিলে বলা হয়েছে, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে। বগুড়া সিটি করপোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে সিটি করপোরেশন এলাকাসংলগ্ন যেসব এলাকা নির্ধারণ করবেন, সেসব এলাকা এই কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে। ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে এই কর্তৃপক্ষ। এ জন্য ভূমি জরিপ ও সমীক্ষা, গবেষণা পরিচালন ও সংশ্লিষ্ট সব তথ্য, উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ ও বাস্তবায়ন করতে পারবে। অপরিকল্পিত, অপ্রশস্ত সড়ক ও এলাকার ভূমি পুনঃ উন্নয়ন ও ভূমি পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প নিতে পারবে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · রাজনীতি