
দেশের ব্যাংকিং খাতে কয়েকটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের মাসিক পারিশ্রমিক নতুন উচ্চতায় পৌঁছেছে।
২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসিক গড়ে ৩৮ লাখ ৫৮ হাজার টাকা এবং বছরে ৪ কোটি ৬৩ লাখ টাকা সম্মানী পেয়েছেন, যা দেশের ব্যাংকিং খাতে এ পর্যন্ত সর্বোচ্চ।
প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া ব্যাংক হলো সিটি ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন ২০২৫ সালে মোট ৪ কোটি ৬৩ লাখ টাকা সম্মানী গ্রহণ করেন।
দৈনিক হিসাবে তার গড় পারিশ্রমিক প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা। আগের বছর তার বার্ষিক সম্মানী ছিল ২ কোটি ৯৩ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে তার পারিশ্রমিক বেড়েছে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা বা প্রায় ৫৮ শতাংশ।
একই সময়ে সিটি ব্যাংকের আর্থিক কার্যক্রমেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালে ব্যাংকটির নিয়মিত মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৪ কোটি ২৩ লাখ টাকা। তবে নিজের পারিশ্রমিক বৃদ্ধির বিষয়ে কোনো মন্তব্য করেননি মাশরুর আরেফিন।
পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইস্টার্ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের ১৮ এপ্রিল তিনি অবসরে যান। ২০২৫ সালে তিনি মোট ৩ কোটি ৫৮ লাখ টাকা সম্মানী পেয়েছেন, যা মাসিক গড়ে প্রায় ২৯ লাখ ৮৩ হাজার টাকা।
তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের সাবেক এমডি আবুল কাশেম মো. শিরিন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসরে যাওয়ার আগে তিনি ২০২৫ সালে ৩ কোটি ২৪ লাখ টাকা সম্মানী গ্রহণ করেন। মাসিক হিসাবে তার গড় পারিশ্রমিক প্রায় ২৭ লাখ টাকা।
এ ছাড়া ২০২৫ সালে দুই কোটির বেশি বার্ষিক সম্মানী পাওয়া ব্যাংকের এমডিদের মধ্যে রয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (২ কোটি ৮৬ লাখ), ব্র্যাক ব্যাংক (২ কোটি ৫৬ লাখ), যমুনা ব্যাংক (২ কোটি ৫০ লাখ), ব্যাংক এশিয়া (২ কোটি ৪৩ লাখ), আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (২ কোটি ১৪ লাখ), প্রাইম ব্যাংক (২ কোটি ৬ লাখ) এবং মিডল্যান্ড ব্যাংক (২ কোটি টাকা)।
এক থেকে দুই কোটি টাকার মধ্যে পারিশ্রমিক পাওয়া এমডিদের তালিকায় রয়েছে ইউসিবি (১ কোটি ৯৯ লাখ), শাহজালাল ইসলামী ব্যাংক (১ কোটি ৯৭ লাখ), মার্কেন্টাইল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক (প্রতিটি ১ কোটি ৭৫ লাখ), স্ট্যান্ডার্ড ব্যাংক (১ কোটি ৬৭ লাখ) এবং ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক ও এনআরবি ব্যাংক (প্রতিটি ১ কোটি ৫৩ লাখ)। এছাড়া পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, উত্তরা ব্যাংক, ঢাকা ব্যাংক ও এসবিএসি ব্যাংকের এমডিদের বার্ষিক সম্মানী ছিল ১ কোটি ১৬ লাখ থেকে ১ কোটি ৫১ লাখ টাকার মধ্যে।
অন্যদিকে, এক কোটি টাকার কম বার্ষিক সম্মানী পাওয়া এমডিদের মধ্যে এনআরবিসি ব্যাংকের এমডি ৯৮ লাখ, সাউথইস্ট ব্যাংকের ৯৫ লাখ, এবি ব্যাংকের ৮৪ লাখ, রূপালী ব্যাংকের ৭২ লাখ এবং ন্যাশনাল ব্যাংকের এমডি ৭১ লাখ টাকা সম্মানী পেয়েছেন। সুত্র: আগামীর সময়





