রবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে ‘পুশ-ইন’ ঠেকাতে খাগড়াছড়িতে বিজিবির নতুন অপারেশনাল বেস

ঢাকা ইনফো২৪
জুন ১৪, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যক্রম আরও গতিশীল করতে খাগড়াছড়িতে দুটি অস্থায়ী অপারেশনাল বেস (টিওবি) স্থাপন করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

রবিবার (১৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) বৃদ্ধির প্রেক্ষাপটে পানছড়ি উপজেলার মনোরমেরটিলা ও রিন্টুরজুম এলাকায় এই দুটি অপারেশনাল বেস স্থাপন করা হয়েছে।

বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্তে প্রহরা জোরদার, মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং পার্বত্য অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় তারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে। নতুন এই অপারেশনাল বেস চালুর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি পাবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সম্ভব হবে।

এছাড়া বনজ সম্পদ সংরক্ষণে অবৈধভাবে কাঠ, বাঁশ ও অন্যান্য সম্পদ পাচার প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখবে এই বেসগুলো। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ সহায়ক হবে।

বিজিবি আরও জানায়, অপারেশনাল বেস স্থাপনের আগে স্থানীয় কারবারি, হেডম্যান, জমির মালিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে স্থান নির্বাচন করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে জমি বন্দোবস্তের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তবে সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে এ বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘সীমান্তে সাম্প্রতিক সময়ে ‘পুশ-ইন’ বৃদ্ধির প্রেক্ষাপটে নজরদারি জোরদার করতে মনোরমেরটিলা ও রিন্টুরজুম এলাকায় দুটি অপারেশনাল বেস স্থাপন করা হয়েছে। এর ফলে মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সীমান্ত এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।