স্মার্টফোনে আগুন, ইনফিনিক্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

স্মার্টফোনে আগুন, ইনফিনিক্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কথা বলার সময় অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার অভিযোগ উঠেছে ইনফিনিক্সের হট ৬০আই স্মার্টফোনে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন নারায়ণগঞ্জের ব্যবহারকারী মোহাম্মদ নাহিদ হাসান। এর আগে ভোলায় একই ব্র্যান্ডের ফোন বিস্ফোরণে এক যুবক দগ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে।

নাহিদ হাসানের ভাষ্য অনুযায়ী, গত রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফোনে কথা বলার সময় হঠাৎ তার ব্যবহৃত হট ৬০আই মডেলের ফোনটি অস্বাভাবিক গরম হয়ে যায়। বিপদের আশঙ্কায় তিনি দ্রুত ফোনটি হাত থেকে মাটিতে ফেলে দেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং ফোনটিতে আগুন ধরে যায়। এতে সেটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নাহিদ আরো জানান, প্রায় এক বছর আগে ফোনটি কিনেছিলেন তিনি। স্বাভাবিকভাবে কথা বলার সময় এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছেন। তার আশঙ্কা, ফোনটি হাত থেকে ফেলতে আর মাত্র পাঁচ সেকেন্ড দেরি হলে সেটি কানের কাছে বিস্ফোরিত হতো। এতে মুখ, কান ও হাত গুরুতরভাবে পুড়ে যাওয়ার ঝুঁকি ছিল।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ভোলায় তানভীর হোসেন নামে এক যুবকের পকেটে থাকা ইনফিনিক্স ফোন বিস্ফোরিত হওয়ার খবর প্রকাশিত হয়। ওই বছরের ১২ জানুয়ারি রাতে ব্যক্তিগত পড়াশোনা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমে উঠে আসে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। প্রথমে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই ঘটনায় তানভীরের পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায় নির্ধারণের দাবি জানানো হয়েছিল। সে সময় ইনফিনিক্সের এক জ্যেষ্ঠ ব্র্যান্ড কর্মকর্তা গণমাধ্যমে ঘটনা জানার কথা উল্লেখ করে বিষয়টি খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

এ বিষয়ে ইনফিনিক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · তথ্য-প্রযুক্তি