হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে: নিহত ৩, আহত ২
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:৩৭ এএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে গতির প্রতিযোগিতা করতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অন্তর দাস, আবিদুর লস্কর ও তানভীর মিয়া।
নিহত তানভীর মিয়া (১৮) বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের ফুল মিয়ার ছেলে। অন্তর দাস আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দ্রন দাসের ছেলে এবং আবিদুর লস্কর (২০) বানিয়াচং উপজেলার আমিরখানি এলাকার নুরুল লস্করের ছেলে।
আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকটি মোটরসাইকেল নিয়ে একদল যুবক জলসুখা ব্রিজ এলাকায় ঘুরতে আসে। এ সময় মোটরসাইকেলের গতির প্রতিযোগিতা করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তানভীর মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অপর চারজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্তর দাস ও আবিদুর লস্করের মৃত্যু হয়। অপর দুইজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করলে দুইজনের মৃত্যু হয়েছে।





