বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়

ঢাকা ইনফো২৪
জুন ১১, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

উচ্চশিক্ষার আলো ছড়াতে যাচ্ছে দেশের সর্ব-উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও। অবহেলিত এই জনপদের শিক্ষা খাতকে এগিয়ে নিতে নবগঠিত ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে শুরু হবে দেশের এই নতুন বিদ্যাপীঠের শিক্ষা কার্যক্রম।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাণীশংকৈল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। গত ৭ মে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন শিক্ষা, গবেষণা, সংস্কৃতি চর্চা এবং আধুনিক জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের নিবিড় সম্পর্ক রয়েছে। এর ভাবমূর্তি নির্ভর করে দেশে-বিদেশে এর সুনামের ওপর। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই জনপদের সুনামও জড়িয়ে আছে।”

“উপাচার্য হওয়াতে আমি কোনো আত্মগৌরব অনুভব করি না, বরং এটি একটি কঠিন দায়িত্বভার। সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে চাই”— এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়টি একটি আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে এবং এ অঞ্চলের গৌরব অক্ষুণ্ণ রাখতে তিনি জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন।

দীর্ঘদিন ধরে অবহেলিত ও প্রান্তিক জেলা হিসেবে পরিচিত ঠাকুরগাঁওয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তে স্থানীয় সুধীমহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন— সবার সম্মিলিত প্রচেষ্টায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় দ্রুতই দেশের অন্যতম সেরা এবং যুগোপযোগী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

রাণীশংকৈল প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় থানা অফিসার ইনচার্জ আমানউল্লাহ আল বারী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক শাজাহান আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।