
এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি
আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। দেশটির দক্ষিণ উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
আজ সোমবার (১৫ জুন) স্থনীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ঠিক এক সপ্তাহ আগেই ওই একই অঞ্চলে একটি মারাত্মক ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে মিন্দানাও দ্বীপের উপকূলে ১১২ কিলোমিটার (৬৯.৫ মাইল) গভীরে আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রাদেশিক দুর্যোগ অফিসের কর্মকর্তা কাইজার ক্যাডিজ এএফপিকে বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের এখন অগ্রাধিকার হলো উপকূল পর্যবেক্ষণ করে পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ আছে কি না তা দেখা।
প্রসঙ্গত, গত ৮ জুন মিন্দানাওতে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় ওই দ্বীপটিতে ভবন ধসে পড়ে, ভূমিধস আঘাত হানে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।