Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে শিক্ষক দম্পতিকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৪, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে ঘরে ঢুকে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে (মেডিসিন) প্রয়োগ করে এক শিক্ষক দম্পতিকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে পৌর শহরের বাগানবাড়ি এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। চোরচক্র দম্পতির তিন শিশু সন্তানকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে অন্য একটি রুমে আটকে রেখে নির্বিঘ্নে লুটপাট চালিয়েছে।

আক্রান্তরা হলেন বাগানবাড়ি এলাকার নুর হোসেনের ছেলে ও খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক লিটন শেখ (৪০) এবং তার স্ত্রী রেফা খাতুন (৩৫)। বর্তমানে তারা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে শিক্ষক লিটন শেখ ও তার স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা খোলা জানালা দিয়ে চেতনানাশক মেডিসিন স্প্রে করে তাদের অচেতন করে ফেলে। পরে চোরচক্র জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে।

এই সময় দম্পতির ৮ বছর বয়সী বড় মেয়ে লামিয়া বিষয়টি টের পেলে চোরচক্রের সদস্যরা তাকে মেরে ফেলার ভয় দেখায়। লামিয়াসহ ও তার ৪ বছর এবং ৩ মাস বয়সী ছোট দুই বোনকে একটি ঘরে আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে শিশুরা চুপ থাকলে দুর্বৃত্তরা নির্বিঘ্নে মালামাল লুট করে পালিয়ে যায়। শুক্রবার সকাল ৯টা বেজে গেলেও লিটন শেখ ও তার স্ত্রী ঘুম থেকে না ওঠায় এবং তিন শিশুর কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ঘরে ঢুকে তারা দম্পতিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিক্ষক দম্পতি এখনো পুরোপুরি জ্ঞান না ফেরায় কী পরিমাণ নগদ টাকা বা স্বর্ণালঙ্কার খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শিশু লামিয়া বলেন, আমি অন্য রুমে ছিলাম। হঠাৎ একজন লোক এসে আমাদের ঘরে ঢুকে বলে যে কান্না করলে আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপর আমাদের তিন বোনকে এক রুমে আটকে রাখে। অনেকক্ষণ পর সকাল হলে আমি বাবা-মাকে ডাকতে যাই, কিন্তু তারা কোনো কথা বলেনি। পরে আমরা কান্নাকাটি করলে পাশের বাসার লোকজন আসে।

ঘটনার খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, চেতনানাশক ব্যবহার করে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় বাগানবাড়ি এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই চোরচক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।