জ্বালানি সংকটের মধ্যেও নাটোরের গুরুদাসপুর শহরের পাইকারী তেল বিক্রেতা ‘মেসার্স নজরুল এন্টারপ্রাইজ’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি বাজারে অভিযান চালিয়ে ‘মেসার্স সাগর এন্টারপ্রাইজ’ থেকে ১ হাজার ২০০ লিটার তেল জব্দ করে প্রশাসন। তবে গা ঢাকা দেওয়ায় দোকানের মালিককে গ্রেপ্তার করা যায়নি।
জব্দকৃত ডিজেল ‘মেসার্স নজরুল এন্টারপ্রাইজ’ থেকে অবৈধ পন্থায় কেনা হয়েছে বলে সাংবাদিকদের কাছে স্বীকারোক্তি দেন প্রোপ্রাইটার শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন। সাগর বলেন, সংকট শুরুর পর থেকেই নজরুল ইসলামের ছেলে প্রভাষক হুমায়ুন কবির তপু তেল আমদানি করে তা অবৈধভাবে উচ্চমূল্যে বিক্রি করছেন। চাঁচকৈড় বাজার ও খলিফাপাড়ায় তাদের তেল বিক্রির দুটি প্রতিষ্ঠান রয়েছে। গভীর রাতে তেলের গাড়ি এনে গুরুদাসপুর ছাড়াও পার্শ্ববর্তী সিংড়া উপজেলার বিলদহর বাজারে তেল বিক্রি করেন তপু। সর্বশেষ গত সপ্তাহে অন্তত ১০ হাজার লিটারের একটি তেলের গাড়ি এনে সাবগাড়ির ‘মেসার্স সাগর এন্টারপ্রাইজ’ ও বিলদহরের কিছু দোকানে তেল বিক্রি করা হয়। তবে বিক্রির কোনো চালান পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্ত তপু বলেন, তেলবাহী গাড়িটি ভাড়া দেওয়া হয়েছে। গাড়িতে কারা অবৈধভাবে তেল বিক্রি করছেন তা জানেন না তিনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘মেসার্স নজরুল এন্টারপ্রাইজ’ এর বিরুদ্ধে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুশল/সাএ
