রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (প্রায় ৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী লালবাগ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মেজবাহ রহমান তাহসিন জানান, শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের পাশে প্রথমে তিন দফা গুলির শব্দ শোনা যায়। হামলাকারী সেখান থেকে সরে গিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে এসে আরও একটি গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা হামলাকারীকে ধাওয়া দিলে তিনি সহযোগীর মোটরসাইকেলে উঠে পালিয়ে যান।
গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া রতন হোসেন বলেন, ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে দুজনকে দেখা গেছে। একজন চালাচ্ছিলেন, অপরজন নেমে গুলি চালান। তাদের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।
পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও প্রিন্টের হাফ হাতা শার্ট।
ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখনো হত্যার কারণ বা জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
