জামাল বাদশা, লালমনিরহাট।। লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক সড়কের পাশে উল্টে পড়লে নিচে চাপা পড়ে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়।
শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার সদর উপজেলার এয়ারপোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনছের আলী (৬৩)। তিনি মহেন্দ্রনগর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও নিজ বাড়ির পাশে নিজের মরিচ ক্ষেত দেখতে গিয়েছিলেন মনছের আলী। এ সময় লালমনিরহাটগামী ঢাকা মেট্রো-ট ২৪-২১৭৭ নম্বরের একটি মালবোঝাই ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ভাগ্যবশত ট্রাকটি সরাসরি মনছের আলীর ওপর গিয়ে পড়লে তিনি নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ট্রাকের চালক ও হেলপারকে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
