ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ প্রেরিত এক জরুরি ঘোষণায় এই কথা জানানো হয়।
শুক্রবার (১ মে) ছাত্রশিবিরের পক্ষ থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, ‘ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে।’
‘এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।’
‘ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। অতএব, বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’
এর আগে, শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে সাদিক কায়েমকে ডিএসসিসির মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।
পরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করা হয়।
