ঢাকা শুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় শিকার সাংবাদিকরা হলেন মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ভিডিও ধারণ করতে গেলে গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম এবং ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সম্পাদক মজিবর একদল লোক নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। অতিরিক্ত টোল নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিক আসাদুজ্জামান সাজুর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রহার করা হয়। এ ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে সাংবাদিক আব্দুর রহিমের উপরেও চড়াও হন হাট কর্তৃপক্ষ। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফেরত চাইলেও পুনরায় প্রহার করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সাংবাদিকদের ওপর এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রেসক্লাব লালমনিরহাটের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, যেন অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।

লালমনিরহাটের সাংবাদিক নেতা এস. আর শরিফুল ইসলাম রতন বলেন, অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ করা অপরাধ নয়। হামলাকারীরা যত ক্ষমতাধরই হোক না কেন, তারা প্রকারান্তরে সমাজের আয়নাকেই আঘাত করেছে। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এ বিষয়ে মন্তব্য পেতে সাংবাদিকদের ওপর হামলায় নেতৃত্বদানকারী বিএনপি নেতা নুর ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোশাররফ সাংবাদিকদের ওপর হামলাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা খোঁজখবর নিয়ে দেখব। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা সত্যি হয়ে থাকলে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”

এ ঘটনায় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।