ঢাকা শুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মর্মান্তিক মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯) নামের এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম মিয়া উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে মোটরসাইকেলে করে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন তামিম ও শিমলা। পথে পরীক্ষেতপুর এলাকায় একটি হ্যাচারির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাঁচ চাকার ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুজনই। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

পরে শিমলার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনিও মারা যান।

নিহত দম্পতির ঘরে মাত্র তিন মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। হঠাৎ বাবা-মাকে হারিয়ে শিশুটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রলিটি শনাক্তে চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।