নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাধিক মামলার আসামি মো. জারজিদ মোল্লাকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। রবিবার (৩ মে) রাত ১টা ৩০মিনিটের দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জারজিদ মোল্লার বাড়ি পেড়লী ইউনিয়ন খড়রিয়া গ্রামে।
পুলিশ জানায়, পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে নাশকতা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব মামলায় তিনি পলাতক ছিলেন। রবিবার রাত ১টা ৩০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, “তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন মামলায় ওয়ারেন্ট এবং কালিয়া থানায় দুটি নাশকতা মামলার এজাহার নামীয়সহ মোট ৫টি মামলা রয়েছে। জারজিদ মোল্লাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
কুশল/সাএ