রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযানে গত দুই দিনে ১৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন তাদের সহযোগী বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গত ১ তারিখ থেকে শুরু হওয়া এই অভিযান অব্যাহত থাকবে এবং রাজধানীতে চাঁদাবাজি দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গ্রেপ্তার এসব চাঁদাবাজদের কোনো তদবিরে ছাড়া হবে না। কেউ তদবির করলে ধরে নেওয়া হবে, সেও এই চক্রের সঙ্গে জড়িত।”
গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য, ভিডিও ক্লিপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানান তিনি। এসব আলামত আদালতে উপস্থাপন করা হবে।
ডিএমপি কমিশনার আরও জানান, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় মাদক চালান জব্দ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এ ক্ষেত্রে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
তিনি বলেন, “অপরাধীর পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তিনি যত বড়ই হোন না কেন, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”