দেশে হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই শিশু বলে জানা গেছে।
রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ১০ জনের মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর বাকি নয়জনের মৃত্যু হয়েছে হামজনিত উপসর্গে।
গত ১৫ মার্চ থেকে হামে মৃত্যুর সংখ্যা ৫০ এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী: ১,১৬৬ জন; নিশ্চিত হাম রোগী: ৯৫ জন। মোট সন্দেহজনক রোগী: ৪০,৪৯১ জন; মোট নিশ্চিত রোগী: ৫,৩১৩ জন। হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত পাওয়া রোগী: ২৭,৮১৬ জন।
প্রাপ্ত তথ্যে দেখা গেছে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগে তুলনামূলকভাবে বেশি মৃত্যু রেকর্ড হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম সংক্রমণ এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে শিশুদের মধ্যে ঝুঁকি বেশি থাকায় দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।