ভোটের ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তেমন সুবিধা করতে পারেনি। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই চালিয়ে যাব, কেউ ভয় পাবেন না।”
তাঁর বক্তব্য অনুযায়ী, যখন এই বার্তা দেওয়া হয়, তখন বিজেপি ১৯৪টি আসনে এবং তৃণমূল ৯১টি আসনে এগিয়ে ছিল। এই ব্যবধান প্রসঙ্গে তিনি দাবি করেন, এটি বিজেপির পরিকল্পনার অংশ। তাঁর অভিযোগ, প্রথম দিকের কয়েক রাউন্ডের ফলাফল আগে দেখানো হচ্ছে, আর তৃণমূলের ফল পরে দেখানো হচ্ছে। কিছু জায়গায় কয়েক রাউন্ড গণনার পরও গণনা বন্ধ রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, কল্যাণীতে সাতটি ইভিএম মেশিনে অসঙ্গতি ধরা পড়েছে। তাঁর অভিযোগ অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে অন্যায় আচরণ করা হচ্ছে। অফিস ভাঙচুর ও দখলের মতো ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃণমূল যে আসনগুলিতে এগিয়ে আছে, সেগুলোর সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, আমি সমস্ত পার্টির কর্মী, কাউন্টিং এজেন্টদের বলব, মন খারাপ করার কোনও কারণ নেই। আমি বলেছি, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হয়েছে। ১৪-১৮ রাউন্ড কাউন্ট হবে। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনার কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়ব।
কুশল/সাএ